আমাদের আবার দেখা হবে

আমাদের আবার দেখা হবে,
শরতের শুভ্রতায়, কাশফুলে।
আবার দেখা হবে ক্লান্ত দুপুরে, ঝিঁঝির ডাকে,
ফিঙে ঘুঘুর ঝিমুনিতে,
পুকুরপাড়ের জামরুল গাছের নিচে।
আমাদের আবার দেখা হবে,
টমির ঘেউঘেউ শব্দে, ক্লান্ত পথের দৃষ্টিতে।
আমাদের আবার দেখা হবে,
আমের মুকুলের গন্ধে, মৌমাছির আড়ি লগ্নে।
আবার দেখা হবে কার্তিকের কোলাহলে,
ধানের চালের ভাপে, ঝিরিঝিরি বৃষ্টির ছায়ায়,
রঙিন ছাতার নিচে, রক্ত জবায় প্রজাপতির বাসস্থানে।
আমাদের আবার দেখা হবে,
খেয়ার জলের ঘাটে, ভৈরব নদীর পাড়ে,
নদীর কুলকুল শব্দে, মেঘনার পাড়ে ইলিশের চোখে।
আমাদের আবার দেখা হবে,
নির্ঘুম রাত্রিতে, জোছনার আলোতে,
এক থালা বাঁশমতির চালে, চাঁদের উপমায়।
আমাদের আবার দেখা হবে,
ঘুরেফিরে সেই অক্টোবরের মধ্যিখানে,
হাজারখানি কাশফুলের ঝংকারে।
সর্পদেবীর পথ গিয়েছে বাঁকি,
কিন্তু আমাদের আবার দেখা হবে,
হৃদয়ের হিয়ার মাঝে,
এক ছোট্ট শিশুর নিষ্পাপ চাহনিতে।
আমাদের আবার দেখা হবে,
আবার দেখা হবে!
আমাদের আবার দেখা হবে।
