ঢাকায় দুই অনুষ্ঠানে বিদ্যাসাগর স্মরণ ও ‘উদার আকাশ’ পত্রিকার পাঠ উন্মোচন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় দুটি পৃথক অনুষ্ঠানে বিদ্যাসাগরকে স্মরণ ও ‘উদার আকাশ’ গবেষণা পত্রিকার পাঠ উন্মোচন হল।

গত ২৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে বিদ্যাসাগর সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে ‘বিদ্যাসাগর স্মৃতিবক্তৃতা’ অনুষ্ঠিত হয়। এটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী ও বিদ্যাসাগর সোসাইটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠান। সোসাইটির পক্ষ থেকে এইদিন কবি কেতকী মির্জাকে বিশেষ সম্মাননা ও মানপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রশিদ আশকারি। সভাপতিত্ব করেন বিদ্যাসাগর সোসাইটির সচিব, বিশিষ্ট বুদ্ধিজীবী ও বহু গ্রন্থপ্রণেতা মোহাম্মদ আবদুল হাই। উপস্থিত ছিলেন ড. সাহাদাৎ হোসেন নিপু, ড. আহসানাৎ আবরার-সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ।

অনুষ্ঠানে স্মৃতিবক্তৃতা প্রদান করেন কবি কেতকী মির্জা। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বিদ্যাসাগর শুধু বর্ণপরিচয় লেখেননি, তিনি অন্ধকার মস্তিষ্কের ভেতরে প্রথম নিউরনের বিস্ফোরণ ঘটিয়েছিলেন। যে সমাজ নারীকে অবলা ভাবত, তার সামনে তিনি প্রমাণ করেছিলেন-নারী নিজেই এক সার্বভৌম প্রাণ।”

কবি কেতকী মির্জার কাব্যগ্রন্থ ‘রুহানি সফর’ বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠান ‘স্বপ্ন’৭১ প্রকাশন’ থেকে বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকীতে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন কবি কেতকী মির্জা, গবেষক মোহাম্মদ আবদুল হাই, শিক্ষাবিদ নীরদ বরণ মজুমদার, স্বপ্ন’৭১ প্রকাশনের প্রকাশন, গবেষক, সম্পাদক ও কবি আবু সাঈদসহ প্রমুখ। বইটির ভারতের পরিবেশক নতুন গতি ও ‘উদার আকাশ’ প্রকাশন। ৮৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ২৫০টাকা।

দ্বিতীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকার শেওড়াপাড়ায় ডরপ-এর বৃহস্পতির আড্ডায়। সেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর থেকে প্রকাশিত পিয়ার-রিভিউড দ্বিভাষিক গবেষণা পত্রিকা ‘উদার আকাশ’ (আইএসএসএন ২৩২০-৩৪৯৮)-এর ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩৩-এর পাঠ উন্মোচন হয়। এবারের সংখ্যার মূল বিষয় – ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-মহাব্যবস্থাপক মুহম্মদ হাসান খালেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক ও ডরপ-এর সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-ব্যাংকার আবদুর রাজ্জাক, ডা. রাজিয়া বেগম, মাজেদা শওকত, ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ উদ্দিন (অবঃ), অবসরপ্রাপ্ত সচিব আজহার আলী তালুকদার, উন্নয়ন গবেষক শফিকুর রহমান, অলক মজুমদার, মোহাম্মদ যোবায়ের হাসান প্রমুখ।

এই সংখ্যায় বাংলাদেশের লেখক এএইচএম নোমানের ‘উন্নয়ন রাজনীতির গোড়ার কথা’ এবং কবি রোকেয়া ইসলামের ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান’ শীর্ষক প্রবন্ধ দুটি প্রকাশিত হওয়ায় অনুষ্ঠানে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়।

লিটল ম্যাগাজিনের গণ্ডি পেরিয়ে গবেষণা পত্রিকা হিসেবে ২৫ বছর পার করা ‘উদার আকাশ’ পত্রিকার এবারের সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন কলকাতায় করেন বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অরুণাশিস গোস্বামী। প্রচ্ছদ করেছেন শিল্পী মৌসুমী বিশ্বাস, অলংকরণে রাইসা নূর ও সারফুদ্দিন আহমেদ। পত্রিকার মূল্য ৫০০ টাকা।

আরও পড়ুন