রায়েরবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত

সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসুরক্ষা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর রায়েরবাজারে ‘আমার হাসি ফাউন্ডেশন লার্নিং সেন্টার’-এ ‘স্বাস্থ্য ও সুস্থতা দিবস’ শীর্ষক একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। এ বাস্তবতা বিবেচনায় শিশুদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে নেস্ট বাংলাদেশের উপনির্বাহী পরিচালক আহমেদ ফারহান মুকীম বলেন, “শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবার আওতায় আনার পাশাপাশি ধারাবাহিকভাবে এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম গড়ে তুলতে চাই। ভবিষ্যতে প্রতি তিন মাস অন্তর বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসাশিবির আয়োজন এবং দীর্ঘমেয়াদে স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।”
আমার হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শ্রাবন্তী হাসান বলেন, “শিশুর শিক্ষা, বিকাশ ও ভবিষ্যৎ নির্মাণের সঙ্গে তার সুস্থতা সরাসরি যুক্ত। একটি শিশুর জন্য স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি তার মৌলিক অধিকার। নেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, শিক্ষা ও স্বাস্থ্য—উভয় ক্ষেত্রেই এলাকার শিশুদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শিশু ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পুষ্টি, মানসিক সুস্থতা এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এই কর্মসূচিতে স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে সহায়তা করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
