শাহনাজ পারভীন মিতার পাঁচটি কবিতা

বয়ে যাও অচীন দেশে

যে নৌকা পাল তোলে দূর দেশে
নদীর জোয়ার ভাটায় চন্দ্র সূর্য মেশে,
কখনো উজান স্রোতে শুধুই বয়ে যায়
কখনো ভাটির টানে বেশামাল হয়।

তবুও বয়ে চলা এক জীবনে
চারিদিক অথই জল, কূল কোন খানে!
আকাশের বুকে ডানা মেলে যে পাখি
গহন শূন্যতায় সে কি মেলে আখি!

যে ঘর বাঁধি বুকের ভেতর অতলে
সেও কেনো দুলে যায়! ভাঙে ঝড় জলে,
পাখির ডানায় মন শূন্যে উড়ে চলি
অবাক বিস্ময়ে দেখি জীবনের জলকেলি।

মাঝি তুমি যাও ,বয়ে যাও উজান দেশে
কখনো ফিরে চাও ভাটির আবেশে।

নশ্বর মানব জন্ম

অবিনশ্বর পৃথিবী, নশ্বর মানব জন্ম,
মৃত্যুতে চলে যাওয়া
পদচিহ্ন রাখা, পার্থিব পাওয়া।

কেউ পারে না নিতে সাথে ধন -সম্পদ
মৃত্যুতে সকলই পরে থাকে, অভিসপ্ত প্রাসাদ,
কত আকাঙ্ক্ষা বলাকার মন
কোথায় হারায় আপনারে জানে না কেউ।

যে ফুল ফোটে সুবাস বিলায়
কেন ঝরে যায় আপনি আপনায়!
যে জীবনের জন্য শুধুই ছুটে চলা
হটাত কেন থমকে যায় ,দরজায় কে দাঁড়ায় ।

অবিনশ্বর পৃথিবী নশ্বর এই আমি
কেন এত বড়াই করো! ভাবো কি তুমি!

সারায় মনের অসুখ

যখন তুমি নীরবে দাঁড়াও
কষ্টগুলো নিয়ে ,হাতটি বাড়াও,
মনের জানালায় ঝড় বয়ে যায়
ঝরা পাতাগুলো এসে জমা হয়।

হেসে ওঠে ধ্রুব তারা আকাশে
নিঃসঙ্গ রাতের বাউল বাতাসে,
জুঁই কামিনী রজনীগন্ধা ফোটে
সেই সুবাসে ভোরের সূর্য ওঠে।

অসময়ে বর্ষা নামে অশ্রুজলে
নদীজল জোছনা মাখে অতলে,
পথ মিশে যায় পথে দূর দিগন্তে
তুমি , যে কুসুম ফোটে হৃদয়- বৃন্তে।

তোমার পদশব্দ প্রতীক্ষায় মন উন্মুখ
দোলা দেয় প্রেম সারায় মনের অসুখ ।

বিমূর্ত জীবন মূর্ত হয়ে হাসে

কখনো ভেবেছি হেরে গেছি
জীবনের কাছে প্রতি পদে পদে,
অন্তরে প্রজ্বলনমান যে আলো
সে বিজয় তিলক আঁকে
পরাজয়ের গ্লানি সরিয়ে বিজয় কেতনে ।

হিমালয়ের বুকে যেমন নিশাত মজুমদার
কত বিপদসংকুল পথ পেরিয়ে
উড়ালো পতাকা লাল সবুজের।
নারীর ইচ্ছা শক্তির জয়
প্রতি পদে পদে জীবনের,
হয়তো তার পিছনে লুকানো
মনের গহন অশ্রুজল।

সেই লবনাক্ত সমুদ্রজলে
সে আঁকে জীবন ছবি ক্যানভাসে,
জলরঙ ছাপিয়ে তেলরঙে মূর্ত হয়
বিমূর্ত জীবন মূর্ত হয়ে হাসে ।

প্রেম ও মৃত্যু

কখনো প্রেম কখনো মৃত্যু
একই বৃন্তে দুটো ফুল
দুজনেই নিঃশব্দে আসে
কোনো প্রস্তুতি ছাড়াই সময় প্রহরে।

যদিও প্রেমের আকাঙ্ক্ষা মনের গহীনে
হেটে যেতে চায় পথ দূর বহুদূর,
চৈত্রের কাঠফাটা রোদ্দুর
বা দীর্ঘ শীত রাত্রি।

অথচ মৃত্যু নিশ্চিত জেনেও
কোনো অপেক্ষা নেই,
মৃত্যুদূত আসছে আসবেই
নেই কোনো সময় দিন ক্ষণ।

যে গোলাপ প্রস্ফুটিত হয়
রুপ রস গন্ধ নিয়ে,
ঝরে গেলে সে কোথায় মিলায়!
হয়তো মানুষের মনেই
যে আসে প্রেমের অনুভবে ।

আরও পড়ুন