মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজন নজরুল স্মরণে : আলোচনা, সাংস্কৃতিক ও বই প্রকাশনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মহাপ্রয়াণ দিবসে উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র আমিই নজরুল আয়োজন করে ‘নজরুল স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও নজরুলবিষয়ক দুইটি বই প্রকাশিত হয়। বন্দে আলী মিয়ার ছোটদের নজরুল ও অশোক কুমার সেনগুপ্তের গিরিবালা সেনগুপ্ত: এক অবহেলিত মহীয়সী। বইটি কাঠবিড়ালি প্রকাশন থেকে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা।
আলোচনা করেন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক একেএম শাহনেওয়াজ, গবেষক মোহাম্মদ আবদুল হাই, প্রাবন্ধিক খান মাহবুব, গবেষক মামুন সিদ্দিকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী, শিক্ষাবিদ নীরদ বরণ মজুমদার, লেখক সোনিয়া তাসনিম, নজরুল গবেষক মাহবুবুল হক, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক ইয়াকুব নবী, লেখক সাজিদ রহমান, মাসুদ আহমেদ, কবি শরিফুল ইসলাম শরিফ, মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমাসহ প্রমুখ।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, ‘কাজী নজরুল ইসলাম কবি, শিল্পী, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক পরিচয়ের সঙ্গে তিনি ছিল একজন রাজনীতিবিদও। এই বছর তাঁর রাজনীতি শতবছর পূর্তি হচ্ছে। নজরুলের চেতনা, আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আমিই নজরুল সারা বছর নানা উদ্যোগ নিয়ে থাকে।’
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মুন্নী কাদের। কবিতা আবৃত্তি করেন নাজমুন নাহার, জেসমিন বন্যা ও সুরাইয়া আর চৌধুরী।
‘নজরুল স্মরণে ’ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা ছিল স্বপ্ন ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।
