‘গুড মর্নিং পাপা’ কিশোরদের একটি চমৎকার উপন্যাস, যা পড়া আবশ্যক

গুড মর্নিং পাপা কেবল একটি কিশোর উপন্যাস নয়—এ এক আবেগ, এক নির্ভরতার গল্প, এক সম্পর্কের আলতো ছোঁয়া, যা পাঠককে নাড়া দেয় নিঃশব্দে। এটি একটি মায়াময় কিশোর উপন্যাস, যা বাবা-মেয়ের সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করবে পাঠকের মনজগতে।
উপন্যাসটির মূল চরিত্র নিতু—এক কিশোরী, যার প্রতিদিনের সকাল শুরু হয় তার বাবার ভালোবাসায়। একদিকে তার নির্ঝর পড়ালেখার জীবন, ঘরের ঘোরাফেরা, আরেকদিকে বাবার প্রকৃতিপ্রেম, ফুলগাছের প্রতি ভালোবাসা—দুজনের এই ভিন্ন দৃষ্টিভঙ্গি একদিন এক চমৎকার অভিযাত্রায় গড়ে তোলে এক গভীর সম্পর্কের নতুন বাঁধন।
এক সকালে স্কুলে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, আর সেই থেকে শুরু হয় এক রহস্যময় যাত্রা—ভূতের বাড়ি, পাগল বলে পরিচিত এক নিঃসঙ্গ মানুষ, এবং এক অজানা গ্রাম। লেখক এমনভাবে গল্পকে সাজিয়েছেন, যেন পাঠক নিজেও নিতু আর তার বাবার সাথে ছাতা হাতে হাঁটছেন কাদা মাটির পথ ধরে।
কাহিনিতে পরে আসে এক টানটান উত্তেজনার মুহূর্ত—এক কিডন্যাপার এর আর্বিভাব। নিতুকে কিডন্যাপ করার চেষ্টা, নিতুর সাহসিকতা, ওর বাবার বিচক্ষণতা এবং আত্মরক্ষার জন্য নিতুর কারাটে শেখা—সব মিলিয়ে এই উপন্যাস কিশোরদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অভিভাবকদের জন্যও চিন্তার খোরাক জোগাবে বলে আমি বিশ্বাস করি।
শেষভাগে নিতুর বাবার অসুস্থতা আর নিতুর একান্ত প্রার্থনা পাঠকের চোখে জল এনে দেয়। একটি মেয়ের চোখ দিয়ে বাবার গুরুত্ব, ভালোবাসা ও অনুপস্থিতির ভয় গভীরভাবে ধরা পড়ে।
লেখক সহজ ও সাবলীল ভাষা ব্যবহার করে গল্পের মাঝে স্নিগ্ধতা ও আবেগের মিশেলে বাবা-মেয়ের সম্পর্কের অনন্য রূপায়ণ করতে সক্ষম হয়েছেন। বইটিতে সমানভাবে শিশু-কিশোরদের উপযোগী বার্তা ও সাহসিকতার চিত্রটিও বইটিকে পাঠকের ভূবনকে আলাদা করে তুলবে বলে বিশ্বাস করি।
পাঠক কারা হতে পারেন?
এই বইটি শুধু কিশোরদের জন্য নয়—বাবা-মেয়ে, শিক্ষক-শিক্ষার্থী, এমনকি অভিভাবকরাও এতে নতুন করে সম্পর্কের গুরুত্ব খুঁজে পাবেন।
গুড মর্নিং পাপা এমন একটি কিশোর উপন্যাস, যা পড়ে শেষ করার পরেও মনে এর রেশ থেকে যায়।
পিতৃত্ব আর শৈশবের গল্পকে যারা ভালোবাসেন, তাদের বইয়ের তাকে এই বইটির থাকা উচিত বলে মনে করি।
📖 বইতথ্য
বই : গুড মর্নিং পাপা
লেখক : মাসুম বিল্লাহ
ধরন : কিশোর উপন্যাস
প্রচ্ছদ : আরাফাত করিম
প্রকাশন : কাঠবিড়ালি প্রকাশন
প্রথম প্রকাশ : একুশে বইমেলা ২০২৫
দাম : ২৫০ টাকা
উপযুক্ততা: বয়স ৯+ থেকে সব বয়সী পাঠকদের জন্য
বইটি পাওয়া যাবে কাঁটাবনের স্বপ্ন ‘৭১ অফিসে ও রকমারি ডটকমে।
সরাসরি যোগাযোগ করতে পারেন : +৮৮০১৭৩৭৩৭৩৮৬০।
