বইয়ের আলোয় আলোকিত হতে যাচ্ছে ‘খুলনা বিভাগীয় বইমেলা ২০২৪’ 

রূপসা পাড় থেকে বলছি…

আমি গুহামানব। বাংলাদেশে আজ কী কী ঘটনা ঘটল তার কিছুই জানি না আমি। এই কথা শোনার পর যে যা খুশি বলতে পারেন। কিছু মনে করব না। সত্য এই যে, আগামীকাল ২৬ নভেম্বর, ২০২৪ খুলনা বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। এই খবরটাই এখন আমার কাছে সবচে বেশি গুরুত্বপূর্ণ। সবচে বেশি আনন্দের খবর। ২০২০ এর অমর একুশে বইমেলায় শেষ বার গেছি, এরপর আর যাইনি। তাই নিজ শহরে বইমেলাটাকে আমি অমর একুশে বইমেলা হিসেবেই দেখছি। ইচ্ছে থাকার পরও পুরোটা সময়জুড়ে মেলায় আমি স্ব-শরীরে থাকতে না পারলেও আমার মন, আমার পা মেলার সবুজ ঘাসের বুকে হেঁটে বেড়াবে।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনেই এবারের বইমেলার আয়োজন হয়েছে। পুরো মেলাটাকে একটা ডিমের মতো কল্পনা করে নিতে পারেন। কোনো প্যাঁচগোছ নেই। কেবল মাঝখানে দ্বীপের মতো ২০টি স্টল দাঁড়িয়েছে। এটুকুই আমার চোখে লাগছে। নয়ত অতিচমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পারতাম। যা আগে কখনও কোনো মেলায় আমি দেখিনি। ওখানকার এক সহপরিচালক আমার কথায় একটু তেতে উঠেছেন, যে, সবগুলো স্টলকে জায়গা দিতে গিয়েই মেলার মাঝখানে ওই ২০টি স্টল বসাতে হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঠিক সামনেই এবারের বইমেলার আয়োজন হয়েছে। ছবি: লেখক

মেলার পরিবেশ খুব পছন্দ হয়েছে আমার, আপনাদেরও হবে, পায়ে ধুলো লাগবে না, মেলায় আগতদের পায়ের নিচে সবুজ ঘাস সাদর আমন্ত্রণ জানানোর জন্য তৈরি হয়ে আছে।

যাতায়াতেও কোনও ঘোরপ্যাঁচ নেই। নূরনগর, বয়রার রাস্তার পাশেই বইমেলা।

আমার নিজেরই একটা অভিযোগ যে, খুলনায় পাঠক কই? মনেমনে খুব করে চাইছি যে, এবারের মেলায় আসায় সবগুলো স্টলের বইগুলো যেন হেসে ওঠে খুলনাবাসির আগমনে। মেলার মাঠের সবুজ ঘাসগুলো যেন হেসে ওঠে, আর মনেমনে বলে, ঘাসের বুকে যদি মানুষের পা-ই না পড়ল, তবে ঘাস হয়ে জন্মে লাভ কী! হে খুলনাবাসী, সবুজ ঘাসের জন্ম সার্থক করতে দলেবলে পরিবার-পরিজন নিয়ে বইমেলায় আসুন।

বই কিনুন। এটা বলছি না, বই ছুঁয়ে দেখুন।

থাকছে স্বপ্ন ‘৭১ প্রকাশনার স্টল। ছবি: লেখক

মেলার মূল গেট দিয়ে ঢুকে সোজা ডান দিক দিয়ে হেটে শেষ প্রান্তে যান, দেখুন আমাদের স্বপ্ন ’৭১ প্রকাশন এর স্টল। স্টল নাম্বার ২৩। ওখানের নান্দনিক বইগুলো আপনার অপেক্ষায় প্রহর গুনছে।

চুপিচুপি জানিয়ে রাখছি, ওখানে মাসুম বিল্লাহ’র তিন-তিনটি বই সেজেগুজে বসে আছে-

১০০ শব্দের ১০০টি গল্পের এক বই আয়না ভাঙার শব্দ শিরোনামে। মহামারির কষ্টপুরাণ ও অন্যান্য গল্প’ এই গল্পগ্রন্থটি আমার লেখা অন্যরকম একটি বই। আরেকটি কিশোর উপন্যাস আবারও ভুতু আপনার মন ভরাবে নিশ্চিত।

জানেন তো, বই আপনাকে আলোকিত করে, যেমন করে সূর্য ।

মাসুম বিল্লাহ : গল্পকার

আরও পড়ুন