‘উদার আকাশ’ বিশেষ সংখ্যা ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়’ উদ্বোধন করলেন কবি সুবোধ সরকার

দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘটকপুকুর থেকে নিয়মিত ২৫ বছর ধরে প্রকাশিত হচ্ছে গবেষক ও কবি ফারুক আহমেদ সম্পাদিত আইএসএসএন যুক্ত সৃজন সাহিত্যের পিয়ার রিভিউড দ্বিভাষিক ষান্মাসিক রিসার্চ জার্নাল ‘উদার আকাশ’ পত্রিকা। প্রকাশন সংস্থা হিসেবে ইতোমধ্যেই ‘উদার আকাশ’ নিরবচ্ছিন্নভাবে প্রকাশ করছে গবেষণা গ্রন্থের পাশাপাশি সাহিত্য সম্ভার।
মঙ্গলবার বিকেলে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অবস্থিত ‘প্রেস কর্নারে’ ফারুক আহমেদ-এর সম্পাদনায় ‘উদার আকাশ’ পত্রিকার বিশেষ সংখ্যা ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়’ বাঙালির মর্যাদার অন্বেষণে উদ্বোধন করলেন বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি সুবোধ সরকার।
এদিন ‘উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থ প্রকাশ করলেন ড. গৌতম পাল, অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী, ড. মইনুল হাসান, অধ্যাপক ও লেখক, সুমন ভট্টাচার্য, লেখক ও সাংবাদিক, বাঁধন সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম গবেষক, অশোক মজুমদার, চিত্রশিল্পী ও লেখক, জাইদুল হক, সম্পাদক: আপনজন, মুহাম্মদ কামারুজ্জামান, বিশিষ্ট সমাজকর্মী, সৌগত পাত্র, দক্ষ আধিকারিক, ফারুক আহমেদ, সম্পাদক-প্রকাশক, উদার আকাশ, অনুষ্ঠানের আহ্বায়ক, মৌসুমী বিশ্বাস ও রাইসা নুর, সহ-সম্পাদক, উদার আকাশ। এদিন ‘প্রেস কর্নারে’ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি জয় গোস্বামীর হাতে ‘উদার আকাশ’ পত্রিকার বিশেষ সংখ্যা তুলে দিলেন ফারুক আহমেদ ও রাইসা নুর, উপস্থিত ছিলেন অধ্যাপক ও বিশিষ্ট লেখক অভীক মজুমদার।
‘উদার আকাশ’ প্রকাশন সংস্থা থেকে উদ্বোধন হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হরশঙ্কর মিত্র-র ইংরেজিতে নোভেল ‘শঙ্কর দ্য লস্ট হিরো’, ড. হাবিবা রহমান-এর গবেষণা গ্রন্থ ‘জঙ্গিপুর মহকুমা: এক ঝলকে লোকসংস্কৃতির প্রেক্ষিতে’, সাবিনা সৈয়দ-এর কাব্যগ্রন্থ ‘রোদাশা’, সেখ আনিসুর রহমান-এর কাব্যগ্রন্থ ‘রক্তে ভেজা আগুন’ প্রমুখ।
আগত অতিথিদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন কবি সুবোধ সরকার, ড. গৌতম পাল, ড. মইনুল হাসান, অশোক মজুমদার, সুমন ভট্টাচার্য, জাইদুল হক প্রমুখ।
এদিন বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোক মজুমদার তাঁর লেখা ঐতিহাসিক গ্রন্থ ‘ছবিওয়ালার গল্প’ কবি সুবোধ সরকার, ড. গৌতম পাল, ড. মইনুল হাসান, সুমন ভট্টাচার্যের হাতে তুলে দিলেন উক্ত অনুষ্ঠানে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিবেশন করেন রাইসা নুর। ‘আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে’ কবি সুবোধ সরকার-এর লেখা কবিতা আবৃত্তি পরিবেশন করলেন আবৃত্তিকার কুহেলি মুখার্জি। বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করলেন কবি আলমগীর রাহমান। এছাড়াও কবিতা পাঠ করেন ছবি ভট্টাচার্য, সেখ আনিসুর রহমান, সাবিনা সৈয়দ প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে কবি সুবোধ সরকার বলেন, কত কষ্ট করে একটা লিটল ম্যাগাজিনকে টিকিয়ে রাখতে হয় সেটা যারা লিটল ম্যাগাজিন বের করে তারা জানে। ফারুক আহমেদ যেভাবে ‘উদার আকাশ’ বের করে চলেছে তার জন্য তাকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, এর জন্য তার প্রশংসা প্রাপ্য। গৌতম পাল বলেন, গত এক দশক ধরে ফারুক আহমেদকে দেখে আসছি। তিনি চাইলে কয়েকদিনের মধ্যেই একটি বই বা পত্রিকা নামিয়ে দিতে পারেন। এটা তাঁর বিশেষ কৃতিত্ব। প্রাক্তন সাংসদ তথা অধ্যাপক ড. মইনুল হাসান বলেন, পত্রিকা ও বই প্রকাশে নিবেদিত প্রাণ ফারুক আহমেদ। কখনও কখনও ১৭০ জিএসএমের মতো দামি কাগজে ছাপে যা খুবই ব্যয়সাধ্য। তাকে কম দামি কাগজ ব্যবহার করতে বললেও সে মানতে চায় না, সে সব সময় উন্নত মানের কাগজ চায়। তার এই মানসিকতার কারণে তার একদা সহপাঠী শিল্পপতি মোস্তাক হোসেনও ফারুক আহমেদকে স্নেহ করেন ও সহযোগিতা করেন বলে জানান ড. মইনুল হাসান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক ফারুক আহমেদ ও রাইসা নুর। এদিন অতিথিদের মানি প্ল্যান্ট দিয়ে বরণ করে নেওয়া হয় প্রকাশন সংস্থার পক্ষ থেকে।
