ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামে’র আত্মপ্রকাশ

শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনার জন্য যাত্রা শুরু হলো ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া ডেভেলপমেন্ট ফোরাম (আরডিএফ)’ । সংগঠনটির মূল লক্ষ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
গতকাল বুধবার, ২ এপ্রিল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘এই মিলন মেলা আমাদের সবার জন্য একটি সুযোগ—নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করার, তথ্য ভাগ করে নেওয়ার এবং রুহিয়ার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করার। আপনাদের সক্রিয় অংশগ্রহণই এই আয়োজনকে সার্থক করবে।’
তিনি আরও বলেন, ‘রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামের কাজ শুধু পড়াশোনার পরিবেশ উন্নত করার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই আমাদের এলাকার পরিবেশ রক্ষা করতে, স্বাস্থ্যসেবার মান বাড়াতে, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এবং সবার জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করতে। এই মিলন মেলা আমাদের সেই বৃহৎ লক্ষ্যের একটি অংশ, যেখানে আমরা আমাদের স্বপ্নগুলোকে আরও স্পষ্টভাবে রূপ দিতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আতিকুল ইসলাম রাহিদ, কায়সার কুরাইশি, সাব্বির ওসমান, মাঝহারুল ইসলাম বাসর, মোহাম্মদ রাসেল, আবু সুফিয়ান, হাসানুজ্জামান মিন্টু, সালাহউদ্দিন আবীর, আবুল হাসেম, সোমা কায়সার, মাসুদ রানা, মুরাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার আগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।
রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামের সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ, এই সংগঠন সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাস্তবসম্মত ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে।
