শুরু হয়েছে আট ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা

বইমেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী সভাপতিত্ব করেন। ছবি: সংগৃহীত

গতকাল ১৫ নভেম্বর, শুক্রবার বিকেলে ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী সভাপতিত্ব করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলা ১৫-২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, জ্ঞানের মাধ্যম হচ্ছে বই। অনলাইন সংস্করণ নয় বরং চোখ দিয়ে যখন বই পড়া হয়, তখন তা হৃদয়ের সঙ্গে, মননশীলতার সঙ্গে একীভূত হয়। কাজেই মুদ্রিত বই পড়ার অভ্যাস করতে হবে। বই মানুষের আত্মাকে পৃথিবীব্যাপী ব্যাপ্ত করতে পারে। বইয়ের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ হতে পারে না। প্রাণের মেলা, মিলন মেলা, বই মেলা সফল করতে তিনি পাঠকসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন