মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব

আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস।এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবাধিকার শুধুমাত্র একটি শিরোনাম বা তত্ত্ব নয়,এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার,যা তাকে জন্মগতভাবে প্রাপ্ত।যখন এই অধিকারগুলো লঙ্ঘিত হয়,তখন শুধু ব্যক্তির জীবন দুর্বিষহ হয় না,সমাজও তার ভিত্তি হারায়। মানবাধিকার রক্ষা করা এবং সবার জন্য এই অধিকারগুলো নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।এই লেখায় আমি একটু ভেবেছিলাম, কেন মানবাধিকার এত গুরুত্বপূর্ণ এবং কেন এটি দরিদ্র,অসহায়, নারী,প্রতিবন্ধী এবং সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এটা বোঝানোর চেষ্টা করব।

মানবাধিকার: মৌলিক অধিকার ও শিকড়

মানবাধিকার মানে শুধুমাত্র আইন বা নিয়মকানুনের কথা বলা নয়।মানবাধিকার হল সেই শক্তিশালী শিকড় যা সমাজকে বেঁধে রাখে।একটি উদাহরণ দিয়ে বলি, কল্পনা করুন যদি একটি গাছের শিকড় না থাকে, তবে সে গাছ কখনোই বেড়ে উঠতে পারবে না, সে ফুল বা ফলও দিতে পারবে না। ঠিক তেমনি, মানবাধিকার হলো মানুষের শিকড়। প্রতিটি মানুষ তার জীবনযাপনের জন্য কিছু মৌলিক অধিকার রাখে: নিরাপত্তা,খাদ্য, শিক্ষা, চিকিৎসা,কাজ করার সুযোগ,মত প্রকাশের স্বাধীনতা।এগুলো না থাকলে মানুষের জীবন কখনোই পূর্ণ হতে পারে না। আমাদের সমাজেও মানবাধিকার ঠিক তেমনি একটি শিকড় হিসেবে কাজ করে,যার সাহায্যে মানুষ তার ব্যক্তিগত ও সামাজিক জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।

মানবাধিকার: দরিদ্রদের জন্য জরুরি

আমি ছোটবেলায় একটি বিষয় লক্ষ্য করেছিলাম,আমাদের গ্রামে অনেক শিশু ছিল,যারা কখনোই স্কুলে যেতে পারত না। তাদের অনেকেই অভাবের কারণে পড়াশোনার সুযোগ পেত না,তাদের মা-বাবা তাদেরকে কাজে নিয়ে বেরিয়ে যেত। তখন মনে হত,এই সব শিশুদেরও তো অধিকার আছে শিক্ষার! তাদের তো জীবনটা এমন হওয়া উচিত না, যেখানে তারা শুধু পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে বাধ্য। কিন্তু তখন তারা সেই অধিকার থেকে বঞ্চিত।সেদিন বুঝলাম,মানবাধিকার কেন দরিদ্রদের জন্য এত গুরুত্বপূর্ণ। দরিদ্রতার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা,কিংবা নিরাপত্তা—এ সব থেকে অনেক মানুষ বঞ্চিত থাকে।কিন্তু যদি তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয়, তাহলে তারা জীবনের দিক পরিবর্তন করতে পারবে,সমাজের উন্নতির অংশ হতে পারবে।

দরিদ্র মানুষের জন্য মৌলিক অধিকারগুলো রক্ষা করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। তাদের জন্য সরকার বা সমাজের উদ্যোগ নেয়া উচিত যাতে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। দরিদ্রতা একটি চক্র,যা ছিন্ন করতে হলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সদস্যকে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতে হবে। আমি বিশ্বাস করি, যদি দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ দেয়া যায়,তবে অনেক মানুষই তাদের সম্ভাবনা পূর্ণ করতে সক্ষম হবে।

নারীর অধিকার: সাম্য ও মর্যাদা

নারীর অধিকার নিয়ে একবার গভীরভাবে চিন্তা করেছিলাম। আমাদের সমাজে নারীরা প্রায়ই শোষণের শিকার হয়—শুধু শহরেই নয়, গ্রামেও।অনেক নারী কখনো তাদের অধিকার সম্পর্কে জানতেই পারে না, কারণ তারা জানে না যে তাদেরও রয়েছে শিক্ষার অধিকার, কাজ করার অধিকার,এবং জীবনের স্বাধীনতা।আমাদের সমাজে, অনেক সময় মেয়েরা জন্মের পর থেকেই কেবল পুত্রের তুলনায় অবহেলা পায়। তাদের মতামত,চাহিদা এবং ইচ্ছা অনেক সময় উপেক্ষিত হয়।

নারীদের মানবাধিকার শুধু শারীরিক নিরাপত্তা নয়, এটি তাদের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদার বিষয়। ধরুন,একটি পরিবারে নারী যদি তার স্বাধীনতা ও অধিকার ভোগ করতে না পারে,তবে সে কখনোই নিজেকে মূল্যবান মনে করবে না। একজন নারী যদি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং রাজনৈতিক অধিকার পায়, তবে শুধু তার জীবন নয়, তার পরিবার,সমাজ,এবং রাষ্ট্রও উন্নত হবে।নারীর অধিকার রক্ষা করা মানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা,এটি দেশের সামগ্রিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি।

প্রতিবন্ধী মানুষের অধিকার: সমান সুযোগ

আমি কখনো ভাবিনি যে প্রতিবন্ধী মানুষের জীবন কতটা কঠিন হতে পারে,যতদিন না আমার এক বন্ধু প্রতিবন্ধী হয়ে গেল।তাকে দেখতে গিয়ে বুঝলাম, তার জীবন যেমন এক ধরনের চ্যালেঞ্জ,তেমনি তাকে সমাজে তার জায়গা করে নিতে অনেক বেশি কষ্ট পেতে হয়।সমাজে তার যে অধিকারগুলো আছে, সেগুলো প্রায়ই অমুকেই অবহেলা করা হয়। যদিও সরকারের কিছু উদ্যোগ রয়েছে,তবুও বাস্তবে অনেক প্রতিবন্ধী ব্যক্তি এখনও কর্মক্ষেত্রে,শিক্ষা প্রতিষ্ঠানে বা সমাজের অন্যান্য জায়গায় সমান সুযোগ পায় না।

একটি প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা শুধু তার জন্য নয়,বরং পুরো সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনে।যখন প্রতিবন্ধী মানুষ তার জীবনযাত্রার মান উন্নত করতে পারে,তখন তারা সমাজের অংশ হয়ে ওঠে, এবং তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়। আমাদের উচিত,প্রতিবন্ধীদের জন্য আরও বেশি সমান সুযোগ প্রদান করা,যাতে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়।

মানবাধিকার: সকল মানুষের অধিকার

আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলি, তখন এটা মনে রাখা জরুরি যে,মানবাধিকার শুধু একটি বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর জন্য নয়। মানবাধিকার প্রতিটি মানুষের জন্য সমান।রাষ্ট্র বা সমাজকে কখনোই জনগণের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে দেওয়া উচিত নয়।একটি রাষ্ট্রের উন্নতির মূল চাবিকাঠি হল সকল নাগরিককে সমান অধিকার দেওয়া,যাতে তারা মুক্তভাবে নিজের জীবনযাপন করতে পারে।

আমি মনে করি,পৃথিবী একদিন এমন একটি সমাজ হবে,যেখানে সকল মানুষ, তাদের যেকোনো ধর্ম,জাতি,লিঙ্গ বা অবস্থান নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে।মানবাধিকার দিবস তাই শুধু একটি দিবস নয়,এটি একটি সংকল্পের দিন, যেখানে আমরা মানবাধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি।

আজকের এই বিশেষ দিনে,আমি চাই সবাই যেন এই কথা মনে রাখে,মানবাধিকার শুধু একটি আইনগত বিষয় নয়,এটি আমাদের নৈতিক দায়বদ্ধতা।মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে পারলেই আমাদের সমাজ সত্যিকার অর্থে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হবে।

শ্রাবন্তী হাসান : সমাজকর্মী

আরও পড়ুন