‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’র সেমিনার ও জার্নাল প্রকাশ

গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে সাড়ে চারটায় ঢাকার সাভারের গৈরিকে ‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি’ আয়োজন করে বিশেষ সেমিনার ও জার্নাল প্রকাশনা উৎসব। সংগঠনের সভাপতি অধ্যাপক ড.এ কে এম শাহনাওয়াজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমা রহমান ট্রাস্ট ফাণ্ডের ট্রাস্টি গোলাম মোস্তফা মহসিন, এ কে এম শাহনাওয়াজের তত্ত্বাবধানে ২৩ জন পিএইচডি ডিগ্রি অর্জনকারী।
প্রকাশনা উৎসবে অধ্যাপক ড.এ কে এম শাহনাওয়াজ বলেন,‘বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি অল্প সময়ের মধ্যে দুইটি জার্নাল প্রকাশ করা সত্যি আনন্দের। এত স্বল্প সময়ের মধ্যে আমরা জার্নালটি ডিওআই পেয়েছি। যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গবেষণাপত্রের নির্ভরযোগ্যতা, সহজে শনাক্তকরণ এবং দীর্ঘমেয়াদে অনলাইনে খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি গবেষণার আন্তর্জাতিক যোগাযোগ ও উদ্ধৃতিযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। সারা বিশ্বের গবেষকরা এতে পড়তে পারবেন, রিভিউ দিবেন।

তিনি আরও বলেন, প্রকাশনার পাশাপাশি আমরা বিভিন্ন বিষয়ে ছয়টি সেমিনারের আয়োজন করতে পেরেছি। সামনে আমাদের আরও নানা কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সদ্য চারজন পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর সংগঠনের জার্নাল-এর (ভলিউম -২) মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। আয়োজনে ‘মধ্যযুগে বাংলার লৌহ শিল্প: ব্যবহার ও বিকাশ’ র্শীর্ষক সেমিনারে প্রবন্ধপাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাখলু জাতুল আকমাম। আলোচনার পর প্রশ্ন উত্তর পর্বটি ব্যাপক জমে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফিনা বেগম।
