বিশ্বজুড়ে রবীন্দ্রনাথের ঠিকানা

রাস্তা, প্রোমেনেড, উদ্যান, স্মারক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মানচিত্রে বিশ্বকবির অমর উপস্থিতি
কোনও মানুষের প্রকৃত ঠিকানা কোথায়? তাঁর জন্মভিটে? তাঁর কর্মভূমি? নাকি সেই সমস্ত মানুষের হৃদয়ে, যারা তাঁকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, তাঁর ঠিকানা শুধু জোড়াসাঁকো, শান্তিনিকেতন কিংবা শিলাইদহে সীমাবদ্ধ নয়। তাঁর ঠিকানা ছড়িয়ে আছে বার্লিনের এক শান্ত আবাসিক অঞ্চলে, প্যারিসের এক নিরিবিলি রাস্তায়, প্রাগের জনপথে, হাঙ্গেরির এক হ্রদতীরে, লন্ডনের এক ঐতিহাসিক বাড়িতে, তেল আবিবের ব্যস্ত নগরীতে, আঙ্কারার কূটনৈতিক এলাকায়, আবার আর্জেন্টিনার এক প্রাসাদোপম নিবাসেও। পৃথিবীর মানচিত্র যেন নানা বিন্দুতে লিখে রেখেছে একটাই নাম—রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঠিকানাগুলির মধ্যে কোথাও সরকারি রাস্তার নাম, কোথাও প্রোমেনেড, কোথাও উদ্যান, কোথাও বিশ্ববিদ্যালয়ের ভবন, কোথাও আবার স্মৃতিফলক বা আবক্ষ মূর্তি। সব মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য বৈশ্বিক রবীন্দ্র-মানচিত্র।
এই দৃশ্য পৃথিবীর আর খুব বেশি সাহিত্যিকের ভাগ্যে জোটেনি। ইতিহাসে এমন কয়েকজন লেখক আছেন, যাঁদের নাম বইয়ের পাতা ছাড়িয়ে পৌঁছে গেছে শহরের নামফলকে, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, উদ্যানের সবুজে কিংবা স্মৃতিস্তম্ভের পাদদেশে। শেক্সপিয়র, গ্যেটে, সের্ভান্তেস, টলস্টয় কিংবা পাবলো নেরুদার মতো বিশ্ববরেণ্য সাহিত্যিকদের পাশে সেই তালিকায় সমান মর্যাদায় উচ্চারিত হয় একজন বাঙালির নাম। এই সম্মান কেবল একজন নোবেলজয়ী কবির প্রতি শ্রদ্ধা নয়; এটি বাংলা ভাষা, ভারতীয় সংস্কৃতি এবং মানবতাবাদী চিন্তার প্রতি বিশ্বের অকুণ্ঠ স্বীকৃতি।
আজ পৃথিবীর নানা দেশে তাঁর নামে রাস্তা রয়েছে। কোথাও রয়েছে প্রোমেনেড, কোথাও উদ্যান, কোথাও বিশ্ববিদ্যালয়ের ভবন, কোথাও আবক্ষ মূর্তি, কোথাও স্মৃতিফলক, কোথাও সাংস্কৃতিক কেন্দ্র। আবার এমন অনেক দেশও রয়েছে, যেখানে তাঁর নামে কোনও রাস্তা নেই, কিন্তু তাঁর পদচিহ্ন, তাঁর বাসস্থান, তাঁর বক্তৃতাস্থল কিংবা তাঁর স্মৃতিবিজড়িত ভবন আজ জাতীয় ঐতিহ্যের অংশ। এই সবকিছুকে একসঙ্গে দেখলেই বোঝা যায়, রবীন্দ্রনাথের প্রকৃত পরিচয় কোনও এক দেশের কবি নয়; তিনি বিশ্বমানব।
এই বিশ্বস্বীকৃতি অবশ্য একদিনে আসেনি। তার পেছনে রয়েছে দীর্ঘ সাধনা, অসাধারণ সাহিত্যসৃষ্টি এবং পৃথিবীর নানা দেশের মানুষের সঙ্গে গড়ে ওঠা এক গভীর মানবিক সম্পর্ক। উনিশ শতকের শেষভাগ থেকেই তাঁর রচনা ইংরেজিতে অনূদিত হতে শুরু করেছিল। কিন্তু ১৯১২ সালে তিনি যখন নিজের হাতে অনূদিত গীতাঞ্জলি নিয়ে ইংল্যান্ডে পৌঁছলেন, তখনই শুরু হল এক নতুন অধ্যায়। সেই অধ্যায় তাঁকে নিয়ে গেল নোবেল পুরস্কারের মঞ্চে, তারপর ইউরোপ থেকে এশিয়া, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, এমনকি আফ্রিকা ও ওশেনিয়ার সাংস্কৃতিক পরিসরেও।
১৯১২ থেকে ১৯৩২—মাত্র দুই দশকের মধ্যে রবীন্দ্রনাথ সফর করেন ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, আর্জেন্টিনা, সোভিয়েত রাশিয়া, শ্রীলঙ্কা, বার্মা, মালয় উপদ্বীপ-সহ বহু দেশে। কোথাও তিনি কবিতা পাঠ করেছেন, কোথাও বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বক্তৃতা দিয়েছেন, কোথাও রাষ্ট্রনায়কদের সঙ্গে মতবিনিময় করেছেন, কোথাও শিল্পী ও বিজ্ঞানীদের সঙ্গে ভবিষ্যতের সভ্যতা নিয়ে আলোচনা করেছেন। তাঁর ভ্রমণ ছিল কোনও সাম্রাজ্যের দূত হিসেবে নয়, সংস্কৃতির দূত হিসেবে।
বিশ্বভারতীর মূলমন্ত্র—”যত্র বিশ্ব ভবত্যেকনীড়ম্”—অর্থাৎ, যেখানে সমগ্র বিশ্ব এক নীড় হয়ে ওঠে। এই বাণী রবীন্দ্রনাথ কেবল উচ্চারণ করেননি; নিজের জীবন দিয়েই তার বাস্তব রূপ দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, সভ্যতার ভবিষ্যৎ সংঘাতে নয়, সংলাপে; আধিপত্যে নয়, সহযোগিতায়। তাঁর কাছে মানুষ ছিল জাতি, ধর্ম, বর্ণ কিংবা রাষ্ট্রের চেয়েও বড়। তাই তাঁর সাহিত্য যেমন বাংলার, তেমনই বিশ্বের; তাঁর গান যেমন ভারতবর্ষের, তেমনই মানবতার।
আজ যখন বিশ্বের নানা প্রান্তে তাঁর নামে কোনও রাস্তা, কোনও উদ্যান কিংবা কোনও স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ানো যায়, তখন মনে হয়—এসব কেবল ইট-পাথরের নির্মাণ নয়। এগুলি এক একটি কৃতজ্ঞতার স্মারক। এগুলি সেইসব দেশের শ্রদ্ধার্ঘ্য, যারা একজন ভারতীয় কবির মধ্যে খুঁজে পেয়েছিল বিশ্বমানবের কণ্ঠস্বর।
এই বিশ্বভ্রমণের সূচনা হবে সেই দেশ থেকেই, যেখানে প্রথম বিশ্বের দরবারে উচ্চারিত হয়েছিল রবীন্দ্রনাথের নাম। যেখানে একদল সাহিত্যিক, শিল্পী ও চিন্তাবিদ আবিষ্কার করেছিলেন এক অনন্য কবিকে। সেই দেশ—ইংল্যান্ড। লন্ডনের কয়েকটি ঠিকানা আজও সাক্ষ্য দেয়, বিশ্বকবির আন্তর্জাতিক অভিযাত্রার প্রথম পদক্ষেপের। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বজোড়া পরিচয়ের ইতিহাস শুরু হয় ইংল্যান্ডে। ইউরোপের অন্য দেশগুলি তাঁকে গ্রহণ করেছে নোবেলজয়ী কবি হিসেবে; কিন্তু ইংল্যান্ড তাঁকে চিনেছিল তারও আগে—একজন অজানা ভারতীয় কবি হিসেবে। সেখানেই প্রথম তাঁর কাব্যের সঙ্গে পরিচয় ঘটে পাশ্চাত্য সাহিত্যজগতের। সেখানেই গড়ে ওঠে এমন এক বৌদ্ধিক পরিমণ্ডল, যা শেষ পর্যন্ত তাঁকে বিশ্বসাহিত্যের সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছে দেয়।
১৯১২ সালের গ্রীষ্ম। শারীরিক অসুস্থতার কারণে কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান। সঙ্গে ছিল তাঁর নিজের হাতে করা গীতাঞ্জলি-র ইংরেজি গদ্য-অনুবাদের পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। প্রখ্যাত ব্রিটিশ শিল্পী উইলিয়াম রথেনস্টাইন পাণ্ডুলিপিটি পড়ে মুগ্ধ হন এবং সেটি পৌঁছে দেন আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস, কবি এজরা পাউন্ড, সাহিত্যিক স্টপফোর্ড ব্রুক-সহ তৎকালীন ইংরেজি সাহিত্যজগতের বিশিষ্ট ব্যক্তিদের হাতে। তাঁরা একবাক্যে স্বীকার করেন—প্রাচ্য থেকে এমন কাব্যভাষা আগে তাঁরা পড়েননি। ইয়েটস শুধু প্রশংসাই করেননি; গীতাঞ্জলি-র ইংরেজি সংস্করণের ভূমিকা লিখে তিনি রবীন্দ্রনাথকে পাশ্চাত্যের পাঠকের কাছে পরিচয় করিয়ে দেন। সেই ভূমিকা আজও বিশ্বসাহিত্যের অন্যতম স্মরণীয় প্রস্তাবনা হিসেবে বিবেচিত। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভের পথ অনেকটাই প্রশস্ত হয়েছিল এই লন্ডনের সাহিত্যিক মহল থেকেই। রবীন্দ্রনাথের বিশ্বজয়ের ইতিহাসে লন্ডন কেবল একটি শহর নয়; এটি এক ঐতিহাসিক বাঁক। এই কারণেই ইংল্যান্ডে তাঁর স্মৃতি সংরক্ষিত হয়েছে স্মারক ফলক, আবক্ষ মূর্তি, গবেষণা প্রতিষ্ঠান ও ঐতিহাসিক ভবনের মাধ্যমে। একজন বিশ্বসাহিত্যিককে স্মরণ করার এই পদ্ধতিই ব্রিটিশ সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশিষ্ট্য।
আজও সেই ইতিহাসের স্পর্শ পাওয়া যায় হ্যাম্পস্টেডের ভেল অব হেলথ (Vale of Health) অঞ্চলে। ৩ নম্বর বাড়িতে ১৯১২ সালে রবীন্দ্রনাথ কিছুদিন অবস্থান করেছিলেন। সেই বাড়ির গায়ে আজ ইংলিশ হেরিটেজের নীল স্মারক ফলক (Blue Plaque) স্থাপিত রয়েছে। পথচারীকে সেটি জানিয়ে দেয়—এখানেই একদিন বাস করেছিলেন ভারতের নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। লন্ডনের ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে যে অল্প কয়েকজন বিদেশির নামে এই সম্মান দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ তাঁদের অন্যতম। লন্ডনের আর-একটি গুরুত্বপূর্ণ ঠিকানা গর্ডন স্কোয়ার। ব্লুমসবেরির এই ঐতিহাসিক উদ্যানে ২০১১ সালে, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তাঁর একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। তৎকালীন প্রিন্স অব ওয়েলস, বর্তমান রাজা তৃতীয় চার্লস, মূর্তিটির উন্মোচন করেন। মূর্তির পাদদেশে খোদাই করা রয়েছে গীতাঞ্জলি থেকে তাঁর নিজের ইংরেজি অনুবাদের কয়েকটি পঙ্ক্তি। প্রতিদিন বিশ্বের নানা দেশের পর্যটক, গবেষক ও সাহিত্যপ্রেমীরা সেখানে এসে শ্রদ্ধা জানান। লন্ডনের বুকে এটি আজ ভারত-ইংল্যান্ড সাংস্কৃতিক বন্ধনের অন্যতম প্রতীক।
ইংল্যান্ডে রবীন্দ্রনাথের আর-একটি স্মৃতি রয়েছে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন-এ, শেক্সপিয়রের জন্মস্থান সংলগ্ন উদ্যানে। সেখানে তাঁর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। বিশ্বের দুই মহৎ সাহিত্যিক—শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ—এই দুই নামের প্রতীকী সহাবস্থান যেন বিশ্বসাহিত্যের এক নীরব সংলাপের সাক্ষী। রবীন্দ্রনাথের স্মৃতি শুধু ভাস্কর্য বা স্মারক ফলকেই সীমাবদ্ধ নয়। ব্রিটিশ লাইব্রেরি আজও সংরক্ষণ করে তাঁর পাণ্ডুলিপি, চিঠিপত্র, প্রথম দিকের ইংরেজি সংস্করণ এবং মূল্যবান নথিপত্র। SOAS University of London, অক্সফোর্ড, কেমব্রিজ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। প্রতিবছর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে লন্ডনের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিশেষ করে Tagore Centre UK, আলোচনা, সংগীতানুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করে। অর্থাৎ, রবীন্দ্রনাথ ইংল্যান্ডে শুধু ইতিহাস নন; তিনি আজও জীবন্ত সাংস্কৃতিক উপস্থিতি।
ইংল্যান্ডের কথা বলতে গেলে আর একটি নাম অবশ্যই স্মরণ করতে হয়—স্কটিশ নগর-পরিকল্পনাবিদ স্যার প্যাট্রিক গেডেস। শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর আদর্শে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তাঁর পুত্র আর্থার গেডেস শান্তিনিকেতনে এসে কাজও করেন। এই ঐতিহাসিক বন্ধুত্বের স্মরণে ২০২৫ সালে এডিনবরার ঐতিহাসিক রয়্যাল মাইল সংলগ্ন স্যান্ডেম্যান হাউস গার্ডেনে স্যার প্যাট্রিক গেডেসের আবক্ষ মূর্তির ঠিক বিপরীতে রবীন্দ্রনাথের একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। দুটি ভাস্কর্যের মুখোমুখি অবস্থান ভারত ও স্কটল্যান্ডের দীর্ঘ সাংস্কৃতিক ও বৌদ্ধিক সম্পর্কের এক প্রতীকী প্রকাশ।
রবীন্দ্রনাথের বিশ্বজয়ের গল্প ইংল্যান্ড থেকেই শুরু। এখানেই তিনি পেলেন বিশ্বমঞ্চে ওঠার প্রথম সিঁড়ি। কিন্তু সেই যাত্রা লন্ডনে থেমে থাকেনি। ইংল্যান্ডের পর ইউরোপের একের পর এক দেশ তাঁকে আপন করে নিয়েছে। কোথাও তাঁর নামে রাস্তা, কোথাও প্রোমেনেড, কোথাও বিশ্ববিদ্যালয়, কোথাও স্মৃতিস্তম্ভ—সমগ্র ইউরোপ যেন ধীরে ধীরে পরিণত হয়েছে বিশ্বকবির দ্বিতীয় আবাসভূমিতে।
ইংল্যান্ড থেকে শুরু হওয়া রবীন্দ্রনাথের বিশ্বজয় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ও পরে ইউরোপের বৌদ্ধিক সমাজ যখন নতুন মানবিক দর্শনের সন্ধান করছিল, তখন রবীন্দ্রনাথের সাহিত্য, বক্তৃতা ও জীবনদর্শন তাদের কাছে এক নতুন আলোর দিশা হয়ে ওঠে। তাঁর কবিতায় তারা খুঁজে পায় আধ্যাত্মিকতার সঙ্গে আধুনিকতার এক বিরল সমন্বয়; তাঁর বক্তৃতায় শুনতে পায় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য শান্তি, সহমর্মিতা ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান। তাই ইউরোপের বিভিন্ন শহরে তাঁর স্মৃতি আজও শুধু গ্রন্থাগারে নয়, ছড়িয়ে রয়েছে রাস্তা, প্রোমেনেড, উদ্যান, বিদ্যালয় ও ভাস্কর্যে।
এই যাত্রার প্রথম গন্তব্য জার্মানি। রাজধানী বার্লিনের একটি আবাসিক অঞ্চলে রয়েছে Rabindranath-Tagore-Straße। শহরের অসংখ্য বাসিন্দা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেকেই হয়তো বাংলা ভাষা জানেন না, কিন্তু নামফলকে লেখা ‘Rabindranath Tagore’ তাঁদের কৌতূহলী করে তোলে। জার্মানিতে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা শুধু নোবেল পুরস্কারের জন্য নয়; তাঁর কবিতা, গল্প ও প্রবন্ধ বহু আগেই জার্মান ভাষায় অনূদিত হয়েছিল। হারমান হেসে-সহ বহু জার্মান মনীষী তাঁর মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন। বার্লিনেই রয়েছে Tagore-Gymnasium, তাঁর নামে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়, যা প্রমাণ করে জার্মান সমাজে রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, শিক্ষারও এক অনুপ্রেরণা।
জার্মানি থেকে পথ এগিয়ে যায় ফ্রান্সে। প্যারিসের একটি সড়কের নাম Rue Tagore। শিল্প, সাহিত্য ও দর্শনের এই বিশ্বনগরীতে একজন ভারতীয় কবির নামে রাস্তা থাকা নিছক আনুষ্ঠানিকতা নয়; এটি তাঁর আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি। ফরাসি নোবেলজয়ী সাহিত্যিক রোমাঁ রোলাঁর সঙ্গে রবীন্দ্রনাথের গভীর বন্ধুত্ব ছিল। দু’জনেই যুদ্ধবিরোধী মানবতাবাদে বিশ্বাস করতেন। তাঁদের দীর্ঘ পত্রালাপ আজও বিশ্ববুদ্ধিজীবী ইতিহাসের অমূল্য সম্পদ। প্যারিসের Rue Tagore আজও ফ্রান্সে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ও ভারত-ফ্রান্স সাংস্কৃতিক সম্পর্কের এক স্থায়ী স্মারক।
এরপর আসে চেক প্রজাতন্ত্র। রাজধানী প্রাগের একটি রাস্তার নাম Thakurova। স্থানীয় ভাষার উচ্চারণে নামের রূপ বদলালেও তার উৎস রবীন্দ্রনাথ ঠাকুর। বিংশ শতাব্দীর প্রথমার্ধে চেক সাহিত্যিক ও শিক্ষাবিদদের মধ্যে ভারতীয় দর্শন ও রবীন্দ্রসাহিত্য নিয়ে গভীর আগ্রহ তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়, সাহিত্যসভা ও অনুবাদের মাধ্যমে সেই সম্পর্ক গড়ে ওঠে। আজও Thakurova সেই ইতিহাসের নীরব সাক্ষী।
পোল্যান্ডেও তাঁর স্মৃতি সমানভাবে সংরক্ষিত। রাজধানী ওয়ারশ এবং শিল্পনগরী উজ (Łódź)—দুই শহরেই তাঁর নামে রাস্তা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো পোল্যান্ডে স্বাধীনতা, মানবিক মর্যাদা ও আত্মমর্যাদার প্রশ্নে রবীন্দ্রনাথের সাহিত্য নতুন তাৎপর্য লাভ করে। পোলিশ ভাষায় তাঁর রচনা অনূদিত হয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা শুরু হয়। সেই শ্রদ্ধাই স্থান পেয়েছে শহরের মানচিত্রে।
তবে ইউরোপে রবীন্দ্রনাথের সবচেয়ে আবেগময় ঠিকানা নিঃসন্দেহে হাঙ্গেরির বালাটনফ্যুরেদ।
বালাটন হ্রদের ধারে অবস্থিত বিখ্যাত ‘Tagore Promenade’ (হ্রদতীরবর্তী পদচারণাপথ) আজ শুধু হাঙ্গেরির নয়, ভারতীয়দের কাছেও এক তীর্থস্থান। ১৯২৬ সালে হৃদরোগের চিকিৎসার জন্য রবীন্দ্রনাথ এখানে আসেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি হ্রদের ধারে একটি চারা গাছ রোপণ করেন। সেই গাছ আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। পরে তাঁর সম্মানে হ্রদতীরের সেই পথের নামকরণ করা হয় Tagore Promenade। সেখানে স্থাপিত হয়েছে তাঁর আবক্ষ মূর্তি। আজও বিশ্বের নানা দেশের পর্যটক, বিশেষ করে ভারতীয়রা, এই স্থানকে গভীর শ্রদ্ধার সঙ্গে দর্শন করেন। পরবর্তীকালে বহু রাষ্ট্রনায়ক ও নোবেলজয়ীও সেখানে স্মৃতিচিহ্ন হিসেবে গাছ রোপণ করেছেন, কিন্তু সেই ঐতিহ্যের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই।
ইউরোপের আর-একটি গুরুত্বপূর্ণ দেশ আয়ারল্যান্ড। নোবেলজয়ী কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্যিক সম্পর্ক ইতিহাসের অংশ। সেই সম্পর্কের স্মরণে ডাবলিনের St Stephen’s Green-এ তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ইয়েটসের শহর স্লাইগোতেও রয়েছে আর-একটি রবীন্দ্র-ভাস্কর্য। এই দুটি স্মারক দুই কবির বন্ধুত্বের এক অনন্য প্রতীক।
স্পেনের ভায়াদোলিদের ঐতিহাসিক কাম্পো গ্রান্দে (Campo Grande) উদ্যানে রবীন্দ্রনাথের একটি স্মারক ভাস্কর্য স্থাপিত হয়েছে, যা ভারত-স্পেন সাংস্কৃতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ প্রতীক। বেলজিয়ামের KU Leuven-এর সাহিত্য উদ্যানে তাঁর ভাস্কর্য স্থাপিত হয়েছে। নেদারল্যান্ডস, সুইডেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক পরিসরেও রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা ও স্মরণচর্চার দীর্ঘ ঐতিহ্য গড়ে উঠেছে। প্রতিটি স্থানই প্রমাণ করে, রবীন্দ্রনাথ কোনও এক ভাষা বা জাতির সম্পদ নন; তিনি সমগ্র ইউরোপের সাংস্কৃতিক স্মৃতিরও অংশ। ইউরোপের এই বিস্ময়কর মানচিত্রে কোথাও রাস্তার নাম, কোথাও প্রোমেনেড, কোথাও বিদ্যালয়, কোথাও বিশ্ববিদ্যালয়, কোথাও আবক্ষ মূর্তি। সবকিছুকে একত্রে দেখলে বোঝা যায়, একজন বাঙালি কবি কীভাবে মহাদেশের পর মহাদেশ অতিক্রম করে বিশ্বমানবের মর্যাদা অর্জন করেছিলেন।
ররবীন্দ্রনাথের বিশ্বযাত্রা ইউরোপেই শেষ হয় না। এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে তিনি শুধু কবি নন, এক নবজাগরণের দূত। জাপান, চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইসরায়েল, তুরস্ক—প্রতিটি দেশই নিজেদের মতো করে সংরক্ষণ করে রেখেছে তাঁর স্মৃতি। যদি ইউরোপ রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের দরবারে পরিচিত করে থাকে, তবে এশিয়া তাঁকে গ্রহণ করেছিল আপনজন হিসেবে। এই মহাদেশে তিনি কেবল একজন নোবেলজয়ী কবি নন; তিনি ছিলেন প্রাচ্যের নবজাগরণের অন্যতম মুখ, একজন শিক্ষাবিদ, একজন দার্শনিক এবং সর্বোপরি সভ্যতার মধ্যে সেতুবন্ধন রচয়িতা। তাই এশিয়ার নানা দেশে তাঁর স্মৃতি কেবল সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়; তা ছড়িয়ে রয়েছে রাস্তার নাম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্মারক, ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণায়।
ভারতেই অবশ্য রবীন্দ্রনাথের স্মৃতির সবচেয়ে বিস্তৃত ও বহুমাত্রিক পরিসর গড়ে উঠেছে। কলকাতার রবীন্দ্র সরণি, রবীন্দ্র সদন, রবীন্দ্র তীর্থ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী আজ শুধু ঐতিহাসিক স্থান নয়, বাংলা ও ভারতীয় সংস্কৃতির জীবন্ত কেন্দ্র। এর পাশাপাশি দেশের নানা প্রান্তে তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ভবন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গ্রন্থাগার, উদ্যান ও স্মারক। ভারতজুড়ে ছড়িয়ে থাকা এই স্মৃতিচিহ্নগুলি প্রমাণ করে, রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন; তিনি ভারতের সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। তবে এই নিবন্ধের মূল আলোচ্য ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা তাঁর সেই সব ঠিকানা, যেখানে এক বাঙালি কবিকে বিশ্বমানব হিসেবে সম্মান জানানো হয়েছে।
ভারতের বাইরে এশিয়ায় রবীন্দ্রনাথের নামে সরকারি রাস্তার উল্লেখযোগ্য উদাহরণগুলির একটি ইসরায়েলের তেল আবিব। শহরের একটি সড়কের নাম Rehov Tagore। হিব্রু ভাষায় Rehov অর্থ রাস্তা। আধুনিক ইসরায়েলের এই আন্তর্জাতিক নগরীতে একজন ভারতীয় কবির নামে রাস্তার নামকরণ নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। ইহুদি বুদ্ধিজীবীদের একাংশ রবীন্দ্রনাথের মানবতাবাদ, শিক্ষা-দর্শন এবং বিশ্বনাগরিকতার ধারণায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন ধরে তাঁর সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণা ও পাঠচর্চার ঐতিহ্য রয়েছে। ফলে ইসরায়েলে রবীন্দ্রনাথের উপস্থিতি কেবল একটি রাস্তার নামেই সীমাবদ্ধ নয়; তা এক বিস্তৃত সাংস্কৃতিক ও বৌদ্ধিক সম্পর্কেরও প্রতীক।
তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছে Rabindranath Tagore Street। কূটনৈতিক এলাকায় অবস্থিত এই রাস্তার দু’ধারে রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়। এমন একটি অঞ্চলে একজন কবির নামে রাস্তার নামকরণ কেবল সৌজন্য নয়; এটি সংস্কৃতির শক্তির স্বীকৃতি। রাজনীতি যেখানে সীমারেখা টানে, সেখানে রবীন্দ্রনাথের সাহিত্য মানুষে মানুষে সংযোগের কথা বলেছে। আঙ্কারায় তাঁর একটি আবক্ষ মূর্তিও ভারত-তুরস্ক সাংস্কৃতিক বন্ধনের স্মারক হিসেবে স্থাপিত হয়েছে। তুর্কি ভাষায় তাঁর বহু রচনা অনূদিত হয়েছে এবং আজও বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক পরিসরে তাঁর সাহিত্য ও মানবতাবাদী চিন্তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
রবীন্দ্রনাথের এশিয়া-ভাবনার কেন্দ্রে ছিল জাপান। ১৯১৬ থেকে ১৯২৯ সালের মধ্যে তিনি পাঁচবার জাপান সফর করেন। টোকিও, কিয়োটো, ওসাকা ও কোবেতে তাঁর বক্তৃতা বিপুল আলোড়ন তুলেছিল। তিনি জাপানের শিল্পরুচি, নন্দনতত্ত্ব, শিক্ষা-ব্যবস্থা ও সামাজিক শৃঙ্খলার প্রশংসা করেছিলেন; আবার একই সঙ্গে সামরিক জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদী প্রবণতার বিপদ সম্পর্কেও স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। তাঁর এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি জাপানের বহু চিন্তাবিদ, শিল্পী ও শিক্ষাবিদের মধ্যে গভীর আলোচনার জন্ম দেয়। আজও টোকিও বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রসাহিত্য, ভারতীয় দর্শন এবং বিশ্বভারতীর শিক্ষা-ভাবনা নিয়ে গবেষণা ও পাঠচর্চা অব্যাহত রয়েছে। ভারতীয় দূতাবাস, টাগোর সোসাইটি এবং বিভিন্ন জাপানি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রতিবছর রবীন্দ্রজয়ন্তী, সেমিনার, সংগীতানুষ্ঠান ও সাহিত্য-আলোচনার আয়োজন করা হয়। ফলে জাপানে রবীন্দ্রনাথের উপস্থিতি শুধু ইতিহাসের স্মৃতি নয়; তা আজও দুই দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক সম্পর্কের এক জীবন্ত সেতুবন্ধন।
চীনের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯২৪ সালে তিনি চীন সফর করেন এবং বেইজিং, সাংহাই, নানজিং-সহ একাধিক শহরে বক্তৃতা দেন। তাঁর সফরকে ঘিরে চীনের বুদ্ধিজীবী সমাজে যেমন ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল, তেমনি তাঁর মানবতাবাদ, জাতীয়তাবাদ এবং সভ্যতার ভবিষ্যৎ সম্পর্কে মতামত নিয়ে তীব্র বিতর্কও দেখা দেয়। কিন্তু মতভেদ সত্ত্বেও বহু বিশিষ্ট চিন্তাবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ তাঁর দর্শনের গভীরতা উপলব্ধি করেন এবং ভারত-চীন সাংস্কৃতিক সংলাপের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আজ বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাঁর আবক্ষ মূর্তি সেই ঐতিহাসিক সম্পর্কের স্মারক হিসেবে স্থাপিত রয়েছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে রবীন্দ্রসাহিত্য নিয়ে নিয়মিত গবেষণা, অনুবাদ ও পাঠচর্চা হয়; প্রকাশিত হচ্ছে নতুন নতুন চীনা অনুবাদও। ভারত-চীন সাংস্কৃতিক সম্পর্কের ইতিহাসে রবীন্দ্রনাথ আজও এক অনিবার্য নাম, যিনি দুই প্রাচীন সভ্যতার মধ্যে বৌদ্ধিক ও মানবিক সেতুবন্ধনের অন্যতম প্রধান প্রতীক।
রাশিয়ার সঙ্গেও রবীন্দ্রনাথের সম্পর্ক ইতিহাসসমৃদ্ধ। ১৯৩০ সালে তিনি সোভিয়েত রাশিয়া সফর করেন এবং মস্কো-সহ বিভিন্ন স্থানে শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতি প্রত্যক্ষ করেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লেখেন রাশিয়ার চিঠি, যা বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভ্রমণগ্রন্থ। সোভিয়েত যুগে তাঁর কবিতা, গল্প ও উপন্যাস বিপুল সংখ্যায় রুশ ভাষায় অনূদিত হয় এবং সাধারণ পাঠকের কাছেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আজও মস্কো ও সেন্ট পিটার্সবার্গ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও শিক্ষা-ভাবনা নিয়ে গবেষণা ও পাঠচর্চা অব্যাহত রয়েছে। ভারত-রাশিয়া সাংস্কৃতিক সম্পর্কের ইতিহাসে তিনি আজও এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের প্রতীক।
কাজাখস্তানেও রবীন্দ্রনাথের স্মৃতি সংরক্ষিত হয়েছে। পূর্ব কাজাখস্তানের ওস্কেমেন (সাবেক উস্ত-কামেনোগোর্স্ক) শহরের ঝাস্তার এথনোপার্কে ২০০৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। ভারত ও কাজাখস্তানের সাংস্কৃতিক বন্ধুত্বের প্রতীক হিসেবে এই স্মারক আজও দুই দেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সেখানে নিয়মিত শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি সবচেয়ে গভীর, সবচেয়ে আত্মীয়তার। তিনি শুধু বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি নন; তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর ‘আমার সোনার বাংলা’ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় এবং আজও দেশের স্বাধীনতা, আত্মপরিচয় ও জাতীয় চেতনার অন্যতম প্রধান প্রতীক। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে তাঁর নামে সড়ক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মিলনায়তন ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল তাঁর স্মৃতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে। শিলাইদহ কুঠিবাড়ি, শাহজাদপুর ও পতিসর আজ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য অংশ এবং রবীন্দ্র-অনুরাগীদের কাছে একেকটি সাহিত্যতীর্থ। প্রতিবছর রবীন্দ্রজয়ন্তী, জাতীয় অনুষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর গান, কবিতা ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে সমানভাবে অনুরণিত হয়। বাংলাদেশের জাতীয় জীবন, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ আজও এক জীবন্ত উপস্থিতি—যা প্রমাণ করে, তিনি কেবল বিশ্বকবি নন, বাংলাদেশের সাংস্কৃতিক সত্তারও এক অবিচ্ছেদ্য অংশ।
শ্রীলঙ্কার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কও ছিল গভীর ও বহুমাত্রিক। ১৯৩৪ সালে তিনি দ্বীপদেশটি সফর করেন এবং শিক্ষা, সংস্কৃতি ও মানবতাবাদ নিয়ে একাধিক বক্তৃতা দেন। তাঁর সেই সফর শ্রীলঙ্কার সাহিত্যিক ও শিক্ষাবিদদের মধ্যে গভীর সাড়া জাগিয়েছিল। শ্রীলঙ্কার জাতীয় সংগীতের রচয়িতা আনন্দ সমরকূন শান্তিনিকেতনের বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন; তাঁর সৃষ্টিতেও রবীন্দ্র-ভাবনার প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই ঐতিহাসিক সম্পর্কের স্মারক হিসেবে মাতারা শহরের রুহুনা বিশ্ববিদ্যালয়ে ভারত সরকারের সহযোগিতায় নির্মিত হয়েছে ‘Rabindranath Tagore Memorial Auditorium’। আধুনিক এই সভাগৃহটি আজ ভারত-শ্রীলঙ্কা সাংস্কৃতিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। একই সঙ্গে শ্রীলঙ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আজও রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও শিক্ষা-দর্শন নিয়ে নিয়মিত গবেষণা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দুই দেশের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে চলেছে।
বর্তমান মিয়ানমার (তৎকালীন বার্মা), সিঙ্গাপুর এবং মালয় উপদ্বীপেও তাঁর সফরের স্মৃতি আজও জীবন্ত। প্রবাসী ভারতীয় সমাজ, বাংলা সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় গবেষকরা নিয়মিত রবীন্দ্রজয়ন্তী, সেমিনার ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে তাঁর সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন।
এশিয়ার দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—এখানে রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে দেখা হয়নি। তাঁকে দেখা হয়েছে এমন এক চিন্তক হিসেবে, যিনি বলেছিলেন, সভ্যতার ভবিষ্যৎ শক্তির প্রতিযোগিতায় নয়, সংস্কৃতির আদান-প্রদানে। তাই কোথাও তাঁর নামে রাস্তা, কোথাও বিশ্ববিদ্যালয়ের ভবন, কোথাও স্মৃতি-সভাগৃহ, কোথাও আবক্ষ মূর্তি—সব মিলিয়ে এশিয়ার মানচিত্রে গড়ে উঠেছে এক বিস্তৃত রবীন্দ্র-উপস্থিতি।
বিশ্বকবির এই যাত্রা এখানেই থেমে থাকেনি। আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় তাঁর স্মৃতিবিজড়িত নিবাস, পেরুর ঐতিহাসিক আমন্ত্রণ, আফ্রিকার সাংস্কৃতিক পরিসর এবং ওশেনিয়ার রবীন্দ্রচর্চা—সব মিলিয়ে তাঁর বিশ্বজয়ের কাহিনি আরও বিস্তৃত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বপরিচয়ের মানচিত্র যদি শুধু ইউরোপ ও এশিয়ায় সীমাবদ্ধ থাকত, তবুও তা বিস্ময়কর হতো। কিন্তু তাঁর প্রভাব সেখানে থেমে থাকেনি। আটলান্টিক মহাসাগর পেরিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকাতেও তিনি হয়ে উঠেছেন সাহিত্য, শিক্ষা ও মানবিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। আবার আফ্রিকা ও ওশেনিয়াতেও তাঁর স্মৃতি বেঁচে আছে প্রবাসী ভারতীয় সমাজ, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন এবং গবেষণার মাধ্যমে। এ যেন সত্যিই এক বিশ্বমানবের বিশ্বভ্রমণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক এক শতাব্দীরও বেশি পুরোনো। ১৯১২-১৩ এবং পরবর্তী সফরগুলিতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তৃতা দেন। তাঁর বক্তব্যের বিষয় ছিল শিক্ষা, জাতীয়তাবাদ, সভ্যতার সংকট এবং মানবতার ভবিষ্যৎ। সেই বক্তৃতাগুলি তৎকালীন মার্কিন বুদ্ধিজীবী সমাজে গভীর আলোচনার জন্ম দেয়। আজও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসাহিত্য ও তাঁর চিন্তাধারা নিয়ে গবেষণা হয়। নিউইয়র্ক, শিকাগো, ক্যালিফোর্নিয়া ও বোস্টনের মতো শহরে ভারতীয় ও বাঙালি সাংস্কৃতিক সংগঠনগুলি প্রতিবছর রবীন্দ্রজয়ন্তী পালন করে। তাঁর গান, কবিতা ও নাটক নিয়মিত মঞ্চস্থ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও রবীন্দ্রনাথকে নিয়ে বক্তৃতা, সেমিনার ও গবেষণার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে।
কানাডাতেও রবীন্দ্রনাথের স্মৃতি সমান মর্যাদায় সংরক্ষিত। কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসাহিত্য নিয়ে গবেষণা ও পাঠচর্চা অব্যাহত রয়েছে। টরন্টো, ভ্যাঙ্কুভার ও অটোয়ায় বাংলা ও ভারতীয় সাংস্কৃতিক সংগঠনগুলি বহু বছর ধরে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে সাহিত্যসভা, সঙ্গীতানুষ্ঠান ও গবেষণার আয়োজন করে আসছে।
দক্ষিণ আমেরিকার ইতিহাসে রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করলেই প্রথমেই আসে আর্জেন্টিনা। ১৯২৪ সালে পেরুর স্বাধীনতার শতবর্ষ উদ্যাপনে যোগ দিতে তিনি দক্ষিণ আমেরিকার উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু সমুদ্রযাত্রার সময় অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে বুয়েনোস আইরেসে নেমে যেতে হয়। ফলে তাঁর পেরু সফর আর সম্ভব হয়নি। এই ঘটনাই ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সূচনা করে। আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথকে সান ইসিদ্রোর মিরালরিও (Miralrío) নিবাসে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। প্রায় দুই মাস তিনি সেখানে অবস্থান করেন। এই সময়ে তাঁদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বৌদ্ধিক বন্ধুত্ব, যা পরবর্তীকালে অসংখ্য চিঠি ও স্মৃতিচারণায় অমর হয়ে আছে। আজ মিরালরিও শুধু একটি বাড়ি নয়; এটি রবীন্দ্র-স্মৃতির আন্তর্জাতিক কেন্দ্র। আর্জেন্টিনার সাহিত্য-ইতিহাসে রবীন্দ্রনাথের উপস্থিতি আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। লাতিন আমেরিকায় তাঁর সাহিত্য পরিচিত করে তুলতে ভিক্টোরিয়া ওকাম্পোর অবদান অনস্বীকার্য।
পেরুর কথাও আলাদা করে উল্লেখ করা প্রয়োজন। যদিও রবীন্দ্রনাথ সেখানে পৌঁছতে পারেননি, তবু পেরু সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণই প্রমাণ করে যে বিংশ শতাব্দীর তৃতীয় দশকেই তাঁর খ্যাতি লাতিন আমেরিকার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে পৌঁছে গিয়েছিল। তাই পেরুর সঙ্গে তাঁর সম্পর্ক সফরের নয়, সম্মান ও প্রত্যাশার ইতিহাস।
আফ্রিকায় রবীন্দ্রনাথের উপস্থিতি ইউরোপ বা এশিয়ার মতো দৃশ্যমান না হলেও তাঁর প্রভাব সুদূরপ্রসারী। দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর আন্দোলনের সূত্রে তাঁর রচনা পরিচিতি লাভ করে। পরবর্তীকালে জোহানেসবার্গ, ডারবান ও কেপ টাউনের ভারতীয় প্রবাসী সমাজ নিয়মিত রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন শুরু করে। আফ্রিকায় তাঁর স্মৃতি মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, প্রবাসী ভারতীয় সমাজ এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক; ইউরোপের মতো সরকারি রাস্তার নামকরণ এখানে তুলনামূলকভাবে বিরল। তাই এই মহাদেশে রবীন্দ্রনাথের উপস্থিতি খুঁজে পাওয়া যায় মূলত সাংস্কৃতিক চর্চা, গবেষণা এবং প্রবাসী ভারতীয়দের উদ্যোগে গড়ে ওঠা ঐতিহ্যের মধ্যেই। মরিশাসে, যেখানে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য, সেখানে রবীন্দ্রসংগীত, কবিতা ও নাটক সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে উঠেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন আজও তাঁকে নিয়ে আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করে।
পৃথিবীর অন্য প্রান্তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও রবীন্দ্রনাথের পরিচিতি ক্রমশ বিস্তৃত হয়েছে। সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, অকল্যান্ড ও ওয়েলিংটনে ভারতীয় প্রবাসী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়গুলির উদ্যোগে নিয়মিত রবীন্দ্রজয়ন্তী, সেমিনার, নাট্যোৎসব ও সংগীতানুষ্ঠানের আয়োজন হয়। তাঁর সাহিত্য নিয়ে গবেষণাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সব দেশেই হয়তো তাঁর নামে রাস্তা নেই, কিন্তু তাঁর স্মৃতি বেঁচে আছে মানুষের সাংস্কৃতিক চর্চায়। কখনও কোনও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে, কখনও কোনও গবেষকের বইয়ে, কখনও কোনও প্রবাসী বাঙালির গানে। এইভাবেই ছয় মহাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের অগণিত ঠিকানা। কোথাও তা ইট-পাথরের স্মৃতিস্তম্ভ, কোথাও রাস্তার নামফলক, কোথাও প্রোমেনেড, কোথাও বা মানুষের হৃদয়ের গভীরে।
একটি প্রশ্ন শেষ পর্যন্ত থেকেই যায়—কেন বিশ্বের এত দেশ আজও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজেদের সাংস্কৃতিক স্মৃতির অংশ করে রেখেছে? কেন একজন বাঙালি কবির নামে রাস্তার নামকরণ হয় বার্লিনে, কেন হাঙ্গেরির একটি হ্রদতীর তাঁর নামে পরিচিত, কেন লন্ডনের ঐতিহাসিক ভবনে তাঁর স্মারক ফলক, কেন আর্জেন্টিনার একটি বাড়ি সাহিত্যতীর্থে পরিণত হয়, কিংবা কেন জাপান, চীন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বা কানাডার বিশ্ববিদ্যালয় আজও তাঁকে নিয়ে গবেষণা করে? এর উত্তর খুঁজতে গেলে শুধু সাহিত্য দিয়ে হবে না; বুঝতে হবে রবীন্দ্রনাথের জীবনদর্শনকে।
তিনি এমন এক সময়ে জন্মেছিলেন, যখন পৃথিবী সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক শাসন, বিশ্বযুদ্ধ এবং সংকীর্ণ জাতীয়তাবাদের অস্থিরতায় কাঁপছিল। সেই সময় তিনি বলেছিলেন—সভ্যতার ভবিষ্যৎ অস্ত্রের শক্তিতে নয়, সংস্কৃতির শক্তিতে। মানুষের পরিচয় তার ধর্ম, ভাষা বা রাষ্ট্রের চেয়ে বড়; মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতায়। আজকের পৃথিবীতেও এই কথাগুলি একইভাবে প্রাসঙ্গিক।
রবীন্দ্রনাথের আন্তর্জাতিক পরিচয় গড়ে উঠেছিল তাঁর কবিতা দিয়ে, কিন্তু স্থায়ী হয়েছিল তাঁর চিন্তার জন্য। গীতাঞ্জলি তাঁকে নোবেল এনে দিয়েছিল, কিন্তু বিশ্বভারতী তাঁকে দিয়েছিল বিশ্বমানবের পরিচয়। শান্তিনিকেতনের ছোট্ট আশ্রমে তিনি এমন এক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে ভারত, চীন, জাপান, ইউরোপ, আমেরিকা—সব সংস্কৃতি একে অপরের কাছ থেকে শিখবে। সেই স্বপ্নের প্রতিধ্বনি আজও শোনা যায় বিশ্বের নানা প্রান্তে তাঁর নামে প্রতিষ্ঠিত রাস্তা, উদ্যান, সাংস্কৃতিক কেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠানে।
একটি রাস্তার নাম কেবল একটি ঠিকানা নয়; একটি জাতির স্মৃতি। একটি ভাস্কর্য কেবল পাথরের নির্মাণ নয়; একটি সভ্যতার শ্রদ্ধাঞ্জলি। একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র কেবল একটি একাডেমিক পরিকাঠামো নয়; ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি চিন্তার উত্তরাধিকার। এই দৃষ্টিতে দেখলে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা রবীন্দ্র-স্মৃতিগুলি আসলে একই গল্প বলে—মানুষটি তাঁর দেশের সীমানা অতিক্রম করে বিশ্বসভ্যতার অংশ হয়ে উঠেছিলেন।
আজ যদি আমরা মানচিত্র খুলে দেখি, তবে এক আশ্চর্য চিত্র চোখের সামনে ভেসে ওঠে। লন্ডনের ব্লু প্ল্যাক থেকে বার্লিনের Rabindranath-Tagore-Straße, প্যারিসের Rue Tagore থেকে প্রাগের Thakurova, ওয়ারশের রাস্তা থেকে বালাটনফ্যুরেদের Tagore Promenade, তেল আবিবের Rehov Tagore থেকে আঙ্কারার Rabindranath Tagore Street, ঢাকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে টোকিও ও বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়, আর্জেন্টিনার মিরালরিও থেকে কানাডার বিশ্ববিদ্যালয়, কাজাখস্তানের ওস্কেমেন থেকে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক মঞ্চ—সবকিছুকে এক সুতোয় গেঁথে রেখেছে একটি নাম। এ যেন পৃথিবীর বুকজুড়ে ছড়িয়ে থাকা এক অদৃশ্য বিশ্বভারতী।
রবীন্দ্রনাথ নিজে কখনও বিশ্বজয়ের কথা বলেননি। তিনি চেয়েছিলেন মানুষের হৃদয় জয় করতে। তাঁর বিশ্বাস ছিল, সভ্যতার শ্রেষ্ঠ অর্জন যুদ্ধজয় নয়, মানুষকে মানুষ হিসেবে চিনতে শেখা। তাই তিনি লিখেছিলেন—”মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।” এই একটি বাক্যই আজও পৃথিবীর নানা প্রান্তে সমানভাবে অনুরণিত হয়। আজ যখন বিশ্ব নতুন নতুন বিভাজনের মুখোমুখি, তখন রবীন্দ্রনাথের সেই আহ্বান—সংস্কৃতির মিলন, শিক্ষার মুক্তি, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং মানবিক সহাবস্থান—আরও বেশি জরুরি হয়ে উঠেছে। সম্ভবত এই কারণেই তাঁর স্মৃতি কোনও একটি দেশের সম্পত্তি হয়ে থাকেনি; হয়ে উঠেছে সমগ্র বিশ্বের যৌথ ঐতিহ্য।
হয়তো কোনও এক সকালে বার্লিনের একজন স্কুলপড়ুয়া নিজের ঠিকানা লিখছে Rabindranath-Tagore-Straße। প্যারিসের এক ডাকপিয়ন পৌঁছে দিচ্ছেন Rue Tagore-এর একটি চিঠি। বালাটন হ্রদের ধারে একজন পর্যটক দাঁড়িয়ে পড়ছেন রবীন্দ্রনাথের রোপণ করা বৃক্ষের সামনে। লন্ডনের গর্ডন স্কোয়ারে কোনও তরুণ গবেষক তাঁর আবক্ষ মূর্তির পাশে ছবি তুলছেন। আবার বহু দূরে শান্তিনিকেতনের ছাতিমতলায় কোনও ছাত্র আবৃত্তি করছে তাঁর কবিতা।
এই সমস্ত দৃশ্য আলাদা নয়। এগুলি একই গল্পের নানা অধ্যায়। সেই গল্পের নাম—বিশ্বজুড়ে রবীন্দ্রনাথের ঠিকানা। কারণ রবীন্দ্রনাথের প্রকৃত ঠিকানা কোনও একটি দেশ নয়, কোনও একটি শহর নয়, কোনও একটি ভাষাও নয়। তাঁর প্রকৃত ঠিকানা সেই সব মানুষের হৃদয়ে, যারা আজও বিশ্বাস করে—সংস্কৃতি বিভাজন নয়, সংযোগের ভাষা; সাহিত্য সীমান্ত নয়, সেতুবন্ধনের নাম; আর একজন কবি কখনও শুধু একটি জাতির নন, তিনি সমগ্র মানবজাতির।
মানচিত্রে ছড়িয়ে থাকা এই ঠিকানাগুলি আসলে ইট-পাথরের নির্মাণ নয়; এগুলি বিশ্বমানবের প্রতি বিশ্বের কৃতজ্ঞতার স্বাক্ষর। আর সেই কারণেই, আজও পৃথিবীর নানা প্রান্তে নীরবে উচ্চারিত হয় একটি নাম—রবীন্দ্রনাথ ঠাকুর।
দীপক সাহা: শিক্ষক
