পৃথিবীর দিনগুলি

‘পৃথিবী’, ‘পৃথিবী’ করে মুখে ফেনা উঠে গেল,
এটা মাটির জনম।

সুখের ভাষা যদি হতো
বাতাসে কেঁপে ওঠা ঠোঁটের পাতা,
হয়তো বোঝাতে পারতাম—

এই ভালো না-লাগা কোনো আক্ষেপ নয়।
দুঃখ কয়লা হলেও কালো হয় না।

তৃষ্ণার্ত হলে আমি—
অন্ধকার গ্লাসে জ্যোৎস্না ঢালি।
জাহাজ ছড়িয়ে দিই, সাগর ধরব বলে।

আকাশ নেমে আসুক এই অধৈর্য বন্দরে।

লাল-নীল রেবতীরা—

রেবতী তোমার প্রাক্তন প্রেমিকা।
তোমার চোখজুড়ে তার ছলছল নদী,
তার মায়া।

আমার দাবাখেলা
জাদুর বাক্সে বন্দী।

আচ্ছা, আয়না এত মিথ্যা বলে কেন?

একটি শান্ত মাছ তার চোখ শুকাতে দিয়েছিল বালুচরে।
আমরা পাথর ভেবে কুড়িয়ে নিয়েছিলাম।

মাছটি চোখ খুঁজে না পেয়ে বলেছিল—

সংসারে চোখ পাথর হয়ে থাকে।
দেখে না। যেখানে জোড়া বাঁধতে আসে,
সেখানে তার জোড় খুলে যায়।

মন যুদ্ধে নেই, ফুলে আছে।

ফুলের দিকে তাকিয়ে থেকে মানুষ শিল্পী হয়েছে।

যুদ্ধে হেরে হাওয়া এবং হারিয়ে ফেলা মানুষটির থেরাপি ছিল
ফুলের দিকে তাকিয়ে থাকা।

আরও পড়ুন