‘বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম’ বইটি আর্কাইভাল রেকর্ড হিসেবেও সংরক্ষিত থাকবে

লেখক ও গবেষক আবু সাঈদ এর লেখা বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনামের এই গ্রন্থটি আসলে একটি মূল্যবান তথ্যভান্ডার। ভূমিকা ও উপসংহার ছাড়া মোট দশটি অধ্যায়ে সাজানো হয়েছে গ্রন্থটিকে। গ্রন্থকার তাঁর দায়িত্ববোধ থেকে এই অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন। প্রকৃত পক্ষে গ্রন্থকার মুক্তিযুদ্ধের সময়ে সব জেলায় পাকিস্তান বাহিনী ও এদের দোসরদের হাতে যে নৃশংস গণহত্যা সংঘটিত হয়েছিল এর একটি প্রামাণ্য দলির উপস্থাপন করেছেন। শুধু পাঠক-কৌতুহল নিবৃত করা নয়-আর্কাইভাল রেকর্ড হিসেবেও গ্রন্থটি সাদরে সংরক্ষিত থাকবে।
এই গ্রন্থটির বিশেষত্ব হচ্ছে শুধু তথ্যের সঞ্চয়নই নয় এখানে ভিন্ন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে অনেক প্রাসঙ্গিক ও প্রয়োজনী বিষয়ের বিশ্লেষণ। শুরুতেই গ্রন্থকার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তথ্যসমৃদ্ধভাবে উপস্থাপন করেছেন। গ্রন্থের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় দুটিও মূল্যবান। পাঠকের কৌতুহল ও আকাঙ্খার প্রতি সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তাই এই দুই অধ্যায়ে গণহত্যার সংজ্ঞা, এবং পাকিস্তানি বাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ ধারণাটি স্পষ্ট করেছেন। চতুর্থ অধ্যায়ে এসে ৬৪ জেলায় পরিচালিত গণহত্যার একটি বাস্তব লেখচিত্র উপস্থাপন করেন গ্রন্থকার। গণকরব ও বধ্যভূমি চিহ্নিত করার মত জটিল ও শ্রমসাধ্য কাজ করে গ্রন্থাকার পাঠককে যেমন আলোকিত করেছেন একই সঙ্গে পরবর্তী গবেষকদের জন্য একটি তথ্যভান্ডারও প্রস্তুত করেছেন।
প্রসঙ্গক্রমে লেখক আবু সাঈদ আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা ও গণহত্যার স্বীকৃতি আদায়ে যে সব পদক্ষেপ নেয়া হয়েছে এর বিবরণীও যুক্ত করেছেন। নারী নির্যাতন ও বুদ্ধিজীবী হত্যা নিয়েও ভিন্ন অধ্যায় যুক্ত করা হয়েছে এই গ্রন্থে। একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ য়ুক্ত করা হয়েছে অষ্টম অধ্যায়ে। এখানে পৃথিবীর অন্যান্য দেশের গণহত্যার সঙ্গে বাংলাদেশে সংঘটিত গণহত্যা একটি তুলণামূলক আলোচনা করেছেন। লেখক মনে করেছেন বাংলাদেশে পাকিস্তান বাহিনীর গণহত্যা চালানোর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। এ প্রসঙ্গটি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়েও একটি চমৎকার বিশ্লেষণ রয়েছে এই গ্রন্থে। আমি মনে করি সবকিছু মিলে একটি পূর্ণাঙ্গ গ্রন্থের মর্যাদা পাবে এই প্রকাশনাটি।
বইটি আগামী জুন মাসে দক্ষিণ আমেরিকার দেশ পেরু থেকে স্প্যানিশ ভাষায় প্রকাশিত হবে।
ড. এ কে এম শাহনাওয়াজ : ইতিহাসবিদ, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বইয়ের নাম: বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম
লেখক: আবু সাঈদ
প্রকাশন: স্বপ্ন ’৭১ প্রকাশন
পৃষ্টা: ৫২৮
মূল্য: ১২০০ টাকা
প্রকাশকাল ২৫ মার্চ ২০২৫
