কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবর্ষে ‘মহানায়ক উত্তমকুমার ১০০’

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার এক অনন্য নাম, এক কিংবদন্তি। অভিনয়, ব্যক্তিত্ব, রুচি, পরিশীলন ও অসাধারণ পর্দা-উপস্থিতির মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রকে দিয়েছেন নতুন এক উচ্চতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি আজও দর্শকের হৃদয়ে সমানভাবে জনপ্রিয়। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর জীবন, কর্ম, অভিনয়শিল্প, চলচ্চিত্র এবং বাংলা সমাজ-সংস্কৃতিতে তাঁর প্রভাবকে নতুনভাবে স্মরণ করার প্রয়াসে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা “স্বপ্ন ৭১ প্রকাশন” থেকে প্রকাশ করতে যাচ্ছে বিশেষ স্মারকগ্রন্থ ‘মহানায়ক উত্তম কুমার ১০০’।
এই বিশেষ গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি, লেখক, গবেষক ও সংগঠক আবু সাঈদ। গ্রন্থে স্থান পেয়েছে উত্তম কুমারকে নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, স্মৃতি, মূল্যায়ন ও গবেষণাধর্মী রচনা। মহানায়কের অভিনয়জীবনের বৈচিত্র্য, তাঁর জনপ্রিয়তার রহস্য, সহশিল্পীদের সঙ্গে রসায়ন, চলচ্চিত্রে তাঁর অবদান এবং বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর স্থায়ী উপস্থিতি—এসব বিষয় উঠে এসেছে বিভিন্ন লেখায়।
গ্রন্থটিতে লিখেছেন মনতোষ কুমার দে, দন্ত্যস রওশন, মাসুদুল হক, হাফিজুর রহমান রিয়েল, জাহিদ হোসাইন খান, তাসনুভা অরিন, সঞ্জিত দত্ত ও ফারুক আহমেদ। লেখকদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এই গ্রন্থকে করেছে বহুমাত্রিক ও সমৃদ্ধ।
বইটির সম্পাদক আবু সাঈদ বলেন, উত্তম কুমার শুধু একজন সফল অভিনেতা নন; তিনি বাংলা চলচ্চিত্রের এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তাঁর শতবর্ষ তাই কেবল একজন শিল্পীর জন্মদিনের স্মরণ নয়, বরং বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাসকে ফিরে দেখা এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
‘মহানায়ক উত্তম কুমার ১০০’ সেই উপলক্ষকে স্মরণীয় করে রাখার একটি আন্তরিক প্রয়াস। উত্তম কুমারপ্রেমী দর্শক, চলচ্চিত্র-গবেষক এবং বাংলা সংস্কৃতির অনুরাগীদের জন্য বইটি হয়ে উঠতে পারে একটি মূল্যবান সংগ্রহ।”
১১২পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন অর্ণব দাস।
