শেষ হলো আমাদের গল্প

শেষ পর্যন্ত শেষ হলো
আমাদের স্বপ্নের গল্প
অব্যক্ত থেকে গেল সহস্র শব্দ
ফুল, পাখি—প্রশান্তির এক জীবন।
হয়তো নতুন দিনে, নতুন রূপে
মালতিফুলের ঘ্রাণে, বর্ষায় ভিজে ভিজে
কোনো এক বিকেলে চায়ের আড্ডায়
কেঁপে উঠবে— তোমার বুকের সমস্ত
অনুরণন।
এখন হতে হয়তো প্রতিনিয়ত তুমি
ঝরা বকুলের মতো ঝরঝর করে
ঝরতে ঝরতে শুকনো মালার
মতো শুকিয়ে যাবে।
তখন হয়তো বুঝবে আমার প্রতি
যত অভিযোগ, অবহেলা, অবজ্ঞ।
তখন হয়তো বুঝবে—আমার প্রেম-ভালোবাসা
প্রতিজ্ঞা—নীরবে সহ্যে যাওয়া যত যতনা।
বুঝবে আমার মতো অসহায় পথিকের কথা
যে কী না সমুদ্রের জলোচ্ছ্বাসের স্রোতে
উদ্বেলিত ছিল তোমার প্রতীক্ষায়।
একদিন বুঝবে তোমার চারপাশের আনন্দ
কতটাই বিষাক্ত ছিল।
তখন হয়তো আমার প্রতি অবজ্ঞ,
অবহেলার কথা—খুব বেশি মনে পড়বে।
মনে পড়বে আমার সহজ-সরল প্রতিমার প্রতি
যাকে বারে বারে নিষ্পেষিত করেছো
বহুকাল।
হয়তো সুখের জীবন খুঁজতে গিয়ে
দুঃখের কাব্য লিখা হবে
তোমার আমার স্বপ্নকে
ভূলুণ্ঠিত করে।
কত কথা আকাশে বাতাসে
শকুনের মতো উড়িয়েছিল
এই জগৎসংসারে।
কী শান্তি পেয়েছিলে!
রক্তকরবীর ভালোবাসাকে উপড়ে ফেলে।
বহুবার ভেবেছি, রাত কেটে ভোর হবে
সেই ভোরের আলোই আমরা দুইজন ফের
দুলব আমরণ ইন্দ্রের রাজ্য।
কিন্ত আমাদের আর ভোর হলো না
পাখিদের আয়োজনে ঘুম ভাঙল না;
এই ক্ষত বুকে নিয়ে
পৃথিবীর পৃষ্ঠে
হয়তো বা আবার লিখা হবে অদৃষ্টের
নতুন কোনো গল্পে।
৪ জুন ২০২৫, রাত আড়াইটায়, আদাবর,ঢাকা
