আগামীকাল ঢাকায় পরিবেশবিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আগামীকাল ২৮ ডিসেম্বর, শনিবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলানায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজন করেছে পরিবেশবিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ সংরক্ষণে উদ্ভাবন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই পরিবেশবিষয়ক ইনোভেশন সামিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা।
মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, ‘দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেল আলোচনা (ইয়্যুথ প্যানেল: টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, জাস্ট এনার্জি প্যানেল – বাংলাদেশে ন্যায্য শক্তি স্থানান্তরে উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও সাসটেইনেবল প্যানেল- পরিবেশ ও ইনোভেশনে সিএসআর কিভাবে ভূমিকা রাখতে পারে, বিশেষজ্ঞদের প্যানেল – পরিবেশগত উদ্ভাবনী ধারণাগুলোকে কর্মে পরিণত করা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী ফ্যাশন শো, পরিবেশ সংক্রান্ত গবেষণাধর্মী জার্নাল ‘প্রকৃতি’ এর উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা এবং পরিবেশ ও ক্লাইমেট সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের, দল ও সংস্থাগুলোর সম্মাননা জানিয়ে পুরস্কৃত করাসহ নানা আয়োজন থাকবে।’
অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায়। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত । ইনোভেশন সামিটে সারা দেশের ৭০টির বেশি পরিবেশ সংগঠনের প্রায় ৩৫০ জন অতিথি, গবেষক, পরিবেশবিজ্ঞানী, পরিবেশকর্মী ও অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।
ক্যাচ বাংলাদেশে উপস্থাপনায় মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সহযোগিতা করছে সানফাই ফার্নিচার। স্ট্রাটেজিং পার্টনার হিসাবে থাকছে সেন্টার ফর অ্যাটমসফেরিক স্টাডিজ (CAPS), অ্যাকশন ফর বেটার ক্লাইমেট, স্বপ্ন ৭১ প্রকাশন। সহ-আয়োজক হিসাবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি, হেল্প দ্যা ফিউচার, বিডিইনভায়রনমেন্ট ডটকম, ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনএবল ডেভোলপমেন্ট। নলেজ পার্টনার হিসাবে আছে দ্যা আর্থ, বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।
