চলে গেলেন প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা মাসুদ আলী খান (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । তিনি আজ বিকেলে ৪টা ২০ মিনিটে ঢাকার রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা সিতারা খাতুন।
মাসুদ আলী খান ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়। আর সাদেক খানের ‘নদী ও নারী’ দিয়ে বড় পর্দায় তাঁর পথচলা শুরু।
১৯৫৫ সালে তিনি তাহমিনা খানকে বিয়ে করেন। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন। পাঁচ দশকের বেশি সময় ধরে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন মাসুদ আলী খান।
মঞ্চে অভিনয় দিয়ে শুরু। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
