উদার আকাশ: দেশভাগের ক্ষত পেরিয়ে বাংলা সাহিত্য- সংস্কৃতির এক অনির্বাণ আলোকবর্তিকা

লিটল ম্যাগাজিনকে বলা হয় সাহিত্যের আঁতুড়ঘর। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, বিবর্তন ও ধারাবাহিকতায় লিটল ম্যাগাজিনের গুরুত্ব অনস্বীকার্য। মূলধারার প্রকাশনার বৃত্তের বাইরে থেকে এসব পত্রিকা সবসময় খুঁজে বের করেছে নতুন প্রতিভা। নতুন চিন্তা এবং সমাজ-সংস্কৃতির বহুমাত্রিক আলোচনাকে এগিয়ে নিতে লিটল ম্যাগাজিন মূলত সৃজনশীলতার বিস্তীর্ণ জলরাশি পাড়ি দেওয়ার দিক-নির্দেশক। মূলধার সাহিত্য যেখানে প্রতিষ্ঠিত কণ্ঠের আবাস, লিটল ম্যাগাজিন সেখানে আগামী দিনের কণ্ঠস্বরের জন্মভূমি।

বাংলা সাহিত্যের বিশিষ্ট সমালোচক শিবনারায়ণ রায় লিটল ম্যাগাজিন আন্দোলনকে নতুন সাহিত্যিক চেতনা ও স্বাধীন অনুশীলনের ক্ষেত্র হিসেবে মূল্যায়ন করেছেন। তাঁর লেখা ও বক্তব্যে বারবার উঠে এসেছে—লিটল ম্যাগাজিনই নতুন সাহিত্যিকদের পরীক্ষাগার এবং বিকল্প চিন্তার পরিসর। প্রাতিষ্ঠানিক বাধা-নিষেধের বাইরে গিয়ে এখানে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকে। ফলে সাহিত্যের ধারায় নতুন বাঁক আসে।

আমাদের উপমহাদেশে বাংলা সাহিত্য-সংস্কৃতি চর্চায় এই ম্যাগাজিনগুলো সৃজনশীলতার চারাগাছগুলোকে সেঁচে-যত্নে বড় করে তুলে রূপান্তরিত করেছে প্রকাণ্ড মহীরুহে। আলতো বাতাসে হিল্লোল তোলা পত্রিকার পাতায় ঠাঁই পাওয়া কত শত অমূল্য লেখা সময়ের আবর্তে জন্ম দিয়েছে ইতিহাসের অকাট্য দলিল। বাংলা সাহিত্যের মানদণ্ড নিরূপণে লিটল ম্যাগাজিনের কথা আসে সবার আগে। কারণ এখানেই প্রথম প্রকাশ পায় এমন লেখা, যা পরে মূলধার আলোচনায় স্থান পায়।

১৯৪৭-এর দেশভাগ-পরবর্তী সময়ে নিজেদের সাহিত্যিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ ধরনের পত্রিকার গুরুত্ব আরও বেড়ে যায়। মানচিত্র দুই ভাগ হলেও ভাষা ও সংস্কৃতির ভাগ হয়নি। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় প্রকাশনা, পাঠক ও লেখক-নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা লাগে। সে সময়ের অনেক পত্রিকা টিকে গেছে, কিছু হারিয়ে গেছে কালের গর্ভে। সেই যুগ থেকে আজ পর্যন্ত যে কটি নাম আজও সার্বজনীন পরিচিতি পেয়েছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’।

ছয় দশকের সাংস্কৃতিক উত্তরাধিকার, অজস্র স্মৃতি, ইতিহাস ও বৌদ্ধিক চর্চাকে ধারণ করে পত্রিকাটি বাংলা সাহিত্য জগতে আজ একটি শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। এর জন্য তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। পত্রিকা প্রকাশ শুধু মুদ্রণের কাজ নয়। এর পেছনে থাকে সম্পাদকীয় দূরদর্শিতা, লেখক-পাঠকের নেটওয়ার্ক এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা। ‘উদার আকাশ’ সেই কাজটি করে গেছে ধারাবাহিকভাবে।

সম্প্রতি পত্রিকাটির বিশেষ সংখ্যা মূল্যায়ন করতে গিয়ে উপমহাদেশের শ্রদ্ধেয় ইতিহাসবিদ ও লেখক খাজিম আহমেদ তাঁর প্রসারিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে গত ছয় দশকের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন। তিনি দেখিয়েছেন—দেশভাগের পর পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশে এক তীব্র সংকটের মুখোমুখি হয়েছিল।

মানচিত্রের বিভাজনে শিক্ষিত মধ্যবিত্তের বড় অংশ পূর্ব পাকিস্তানে চলে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুসলিম সাহিত্যাঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। প্রকাশনা প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষকতা ও পাঠকগোষ্ঠীর যোগাযোগে বিচ্ছেদ ঘটে। সাহিত্য-সংস্কৃতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে গিয়ে তারা হঠাৎই অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু মানুষের স্বভাবই প্রতিকূলতায় ঘুরে দাঁড়ানো। বিশেষ করে সৃজনশীল মানুষদের জন্য কথাটি আরও সত্য।

তাই এই শূন্যতার মধ্যেও পশ্চিমবঙ্গের মুসলিম সাহিত্য সমাজ বৌদ্ধিক চর্চার নবজাগরণ ঘটাতে সচেষ্ট ছিলেন। কিছু প্রগতিশীল চিন্তক, সাহিত্যিক ও সম্পাদক নিজেদের নিরলস শ্রম ও সাহস দিয়ে কলমের ধার ও সম্পাদনার মাধ্যমে সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করে গেছেন। তাঁরা বুঝেছিলেন, সাহিত্য থেমে গেলে জাতির স্মৃতিও থেমে যায়।

তথ্যসমৃদ্ধ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাজী আবদুল ওদুদ, হুমায়ুন কবীর, সৈয়দ মুজতবা আলী, আবদুর রহমানসহ বহু মনীষী বাংলা ভাষা ও সাহিত্যের পরিসরে মুসলিম সমাজের বৌদ্ধিক চর্চার চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সম্পাদিত পত্রিকাগুলো কেবল সাহিত্য প্রকাশের ক্ষেত্রই ছিল না, বরং নতুন চিন্তা, যুক্তিবাদ ও সমাজ-সংস্কারের আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল।

এই পত্রিকাগুলোতে বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি ও শিক্ষা নিয়ে লেখা ছাপা হতো। ফলে সাহিত্য কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তা হয়ে উঠেছিল সমাজ পরিবর্তনের হাতিয়ার। এ কারণেই এসব উদ্যোগকে সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংরক্ষণের এক ধরনের আর্কাইভ হিসেবে বিবেচনার দাবি রাখে।

লেখক বিশেষভাবে উল্লেখ করেছেন, দেশভাগের পর পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের নিজস্ব সংবাদপত্র ও সাহিত্যপত্রের বিকাশ কতটা কঠিন ছিল। আর্থিক সঙ্গতি, ছাপাখানা, বণ্টন ব্যবস্থা—সব ক্ষেত্রেই ছিল প্রতিবন্ধকতা। তথাপি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ‘পয়গাম’, ‘কলম’, ‘নতুন গতি’, ‘চতুরঙ্গ’-সহ আরও নানা পত্রিকা সংকট উত্তরণে নতুন লেখক তৈরি ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসব পত্রিকার মাধ্যমে একদিকে যেমন নতুন প্রজন্মের সাহিত্যিকদের আত্মপ্রকাশ ঘটে, তেমনি সমাজের বাস্তব সমস্যা, ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রশ্নও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাঠক পায় আত্মপরিচয়ের দিশা। লেখক পায় লেখার মঞ্চ। এভাবেই ধীরে ধীরে একটি বিকল্প সাহিত্য-পরিসর গড়ে ওঠে।

এই দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘উদার আকাশ’-এর আবির্ভাব বাংলা সাহিত্যাকাশে ধ্রুবতারার মতো স্থায়ী দীপ্তি ছড়িয়েছে। নিঃসন্দেহে এর কার্যক্রম বাংলা সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ হিসেবে মূল্যায়িত হচ্ছে। পত্রিকার কর্ণধার ও সম্পাদক ফারুক আহমেদ-এর নেতৃত্বে প্রকাশিত বিশেষ সংখ্যাটিকে কেবল একটি সাহিত্য সংকলন বললে এর মূল্যায়ন অসম্পূর্ণ থেকে যায়।

এটি শুধু সংকলন নয়, বরং বহুমাত্রিক বৌদ্ধিক চর্চার একটি সমৃদ্ধ দলিল। এতে যত্নের সঙ্গে স্থান পেয়েছে প্রবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, নাটক, সাক্ষাৎকার, অনুবাদ, ভ্রমণকাহিনী এবং সমকালীন সমাজ-বাস্তবতার বিশ্লেষণ। ফলে পত্রিকাটি পাঠকের কাছে শুধু সাহিত্য নয়, জ্ঞান ও মননের এক অনন্য ভাণ্ডার হয়ে উঠেছে।

‘উদার আকাশ’-এর অন্যতম শক্তি বিষয়ের বৈচিত্র্য এবং দীর্ঘ সময় ধরে সম্পাদনা-দর্শনের ধারাবাহিকতা রক্ষা করা। একটি সংখ্যায় সমকালীন সমাজ, ইতিহাস, রাজনীতি, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, সাহিত্য ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গ একসঙ্গে সংযোজিত হওয়ায় এটি একটি পূর্ণাঙ্গ সাহিত্যপত্রের মর্যাদা পেয়েছে। পাঠক এক জায়গায় বসেই যুগের নানা দিক সম্পর্কে ধারণা পায়।

সম্পাদকীয় পরিকল্পনা এখানে বড় ভূমিকা রাখে। রচনা নির্বাচন, বিন্যাস এবং উপস্থাপনার নান্দনিকতা পত্রিকাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। লিটল ম্যাগাজিনের স্বাধীন চেতনা এবং পূর্ণাঙ্গ সাহিত্যপত্রের ব্যাপ্তি—দুইয়ের সমন্বয় ‘উদার আকাশ’-কে আলাদা করেছে।

লেখকের মতে, সমাজ, শিক্ষা, ইতিহাস ও সাহিত্য নিয়ে প্রকাশিত প্রবন্ধগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব রচনায় রয়েছে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি, তথ্যসমৃদ্ধ উপস্থাপন ও যুক্তিনির্ভর আলোচনা। এগুলো শুধু পাঠের আনন্দই দেয় না, নতুন করে ভাবতে শেখায় এবং সমাজকে বুঝতে সহায়তা করে। বিশেষ করে তরুণ পাঠক ও গবেষকদের জন্য এগুলো রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে।

পত্রিকার নান্দনিকতা ও অলংকরণও প্রশংসার দাবি রাখে। প্রচ্ছদ পরিকল্পনা, অলংকরণ, মুদ্রণমান ও সামগ্রিক উপস্থাপনা একটি আধুনিক সাহিত্যপত্রের উপযোগী। বিষয়বস্তুর গভীরতার সঙ্গে যদি উপস্থাপনা দুর্বল হয়, তবে পাঠকের কাছে পৌঁছানো কঠিন। ‘উদার আকাশ’ সে দিকটি খেয়াল রেখেছে।

বিশেষ করে সম্পাদকীয় সচেতনতা ও বিষয় নির্বাচনের পরিশীলিত রুচি ‘উদার আকাশ’-কে অন্যান্য সাহিত্যপত্র থেকে আলাদা করেছে। এখানে সাম্প্রদায়িক বিভাজনের বদলে সংলাপকে গুরুত্ব দেওয়া হয়। সাহিত্যচর্চা ও মনন-বিকাশের সৃজনশীল উপস্থাপনা এবং অসাম্প্রদায়িক চেতনা ‘উদার আকাশ’-কে দিয়েছে স্বকীয়তা।

পত্রিকাটির ঈদ-শারদ সংখ্যা, বইমেলা সংখ্যা—এগুলো কেবল যোজিত সংখ্যা নয়। এগুলো হলো বৃহত্তর চেতনার লালন ও বিকাশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। উৎসব সংখ্যার মাধ্যমে পত্রিকা বৃহৎ পাঠকের কাছে পৌঁছায়। আবার বিশেষ সংখ্যার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে গভীর আলোচনার সুযোগ তৈরি হয়। এই দ্বিমুখী কৌশল পত্রিকাটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দুই-ই বাড়িয়েছে।

তিধ দশক ধরে টিকে থাকা সহজ নয়। এর মধ্যে রাজনৈতিক পালাবদল, অর্থনৈতিক সংকট, পাঠকের অভ্যাসের পরিবর্তন—সবই এসেছে। কিন্তু ‘উদার আকাশ’ নিজস্ব আদর্শ থেকে সরে যায়নি। বরং সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে নবায়ন করেছে। নতুন লেখককে জায়গা দিয়েছে, প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি তরুণ কণ্ঠকে তুলে ধরেছে।

বাংলা সাহিত্যের ইতিহাসে লিটল ম্যাগাজিনের ভূমিকা নিয়ে বিতর্ক নেই। কিন্তু সেই ভূমিকাকে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা দেওয়া কঠিন। ‘উদার আকাশ’ সেই কঠিন কাজটি করেছে। এটি প্রমাণ করেছে, আদর্শ ও পেশাদারিত্ব একসঙ্গে থাকলে একটি পত্রিকা দীর্ঘজীবী হতে পারে।

পরিশেষে বলা যায়, বর্তমানে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ‘উদার আকাশ’-এর মতো সাহিত্যপত্রের গুরুত্ব অপরিসীম। নতুন লেখক তৈরি, সাহিত্যচর্চার বিস্তার এবং ইতিহাস-সচেতন সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে ‘উদার আকাশ’-এর প্রয়োজনীয়তা ও ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।

এটি শুধু সাহিত্যপত্র নয়। বাংলা সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ‘উদার আকাশ’ একটি অপরিহার্য উদ্যোগ। দেশভাগের ক্ষত এখনও আছে। কিন্তু সাহিত্য সেই ক্ষত জোড়া দেওয়ার কাজ করে। ‘উদার আকাশ’ সেই কাজটি করে যাচ্ছে নীরবে, নিষ্ঠার সঙ্গে।

সোনিয়া তাসনিম: লেখক ও প্রাবন্ধিক

আরও পড়ুন