‘একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ’ বইয়ের আলোচনা অনুষ্ঠান

একুশ শতকে তারুণ্য : দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। গতকাল ১২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির টিচার্স লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন বইয়ের লেখক ও সম্পাদকবৃন্দ৷ বইটি সম্পাদিত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এবং বাংলাদেশ গবেষণা সংসদ এর যৌথ উদ্যোগে।

বাংলাদেশ গবেষণা সংসদের পরিচালক এবং বইয়ের অন্যতম সম্পাদক সাইফুল্লাহ সাদেকের সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী শাকিল মালিক৷ বইটির মূল ধারণা শাকিল মালিকের৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল মাস্টার ট্রেইনার মোহাম্মদ আকবর হোসাইন, উন্নয়ন এক্সপার্ট মোশাররফ তানসেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর ড. কনক মনিরুল ইসলাম, বইয়ের অন্যতম সম্পাদক মো. জিল্লুর রহমান সিদ্দিকি, ঢাকা বিশ্ববিদ্যালয় কারাসের সিনিয়র রিসার্চ ফেলো এবং ঢাবি গবেষণা সংসদের গবেষণা পরিচালক কাজী সামিও শীশ, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর গ্লোবাল এডভাইজার রাদিয়া তানিম, শিল্পী রেজা হক এবং বইটির প্রকাশনা প্রতিষ্ঠান স্বপ্ন’৭১ এর প্রকাশক, কবি ও লেখক আবু সাঈদ সুরুজ প্রমুখ৷

বইয়ের উদ্যোগ বিষয়ে লেখক ও সম্পাদকবৃন্দ জানান, তরুণদের মধ্যে চিন্তা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কোনো অভাব নেই। তারা মাঠপর্যায়ে কাজ করছে, নানামুখী উদ্যোগ নিচ্ছে এবং সময়ের সংকটগুলো প্রত্যক্ষ করছে। দেশ ও সমাজ বিনির্মাণে নানাভাবে ভূমিকা রাখছে। কিন্তু এই অভিজ্ঞতাগুলো গবেষণাভিত্তিক লেখা ও প্রকাশনার মাধ্যমে দৃশ্যমান করার সুযোগ খুবই সীমিত। ফলে তরুণদের কণ্ঠ নীতিনির্ধারণ, একাডেমিক আলোচনা এবং উন্নয়ন ভাবনার মূলধারায় যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই বই সিরিজ সেই শূন্যতা পূরণের একটি কাঠামোবদ্ধ প্রয়াস। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ‘একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ’ গ্রন্থটির সংযোজন। কর্মসংস্থান, নেতৃত্ব, দক্ষতা, উদ্যোগ, জলবায়ু সংকট, দেশ গঠনে ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার মতো সময়োপযোগী বিষয়গুলোকে কেন্দ্র করে সম্পাদিত হয়েছে গ্রন্থটি।

১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদিত বইটির সম্পাদনায় রয়েছেন মো. সাহিদুল ইসলাম, মো. জিল্লুর রহমান সিদ্দিকি এবং সাইফুল্লাহ সাদেক। মূল ভাবনায় শাকিল মালিক। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ এবং প্রকাশনায় স্বপ্ন’৭১ প্রকাশন।

প্রসঙ্গত, এটি ‘একুশ শতকে তারুণ্য’ সিরিজের পঞ্চম প্রকাশিত বই। এর আগে প্রকাশিত হয়েছে ‘একুশ শতকে তারুণ্য ও নেতৃত্ব’, ‘একুশ শতকে তারুণ্যের দক্ষতা’, একুশ শতকে তারুণ্যের উদ্যোগ’ এবং একুশ শতকে তারুণ্যে ও জলবায়ু সংকট মোকাবিলায় ভূমিকা শীর্ষক বই।

আরও পড়ুন