আবিদ আজাদের রচনাবলি’র প্রকাশনা অনুষ্ঠান

আজ ১৬ নভেম্বর, শনিবার বিকেলে বাংলা একাডেমির বর্ধমান ভবন প্রাঙ্গণে বরেণ্য কবি, গদ্যকার ও শিল্পতরু পত্রিকার প্রয়াত সম্পাদক আবিদ আজাদের ৭২ তম জন্মবার্ষিকীতে প্রকাশনা সংস্থা ঐতিহ্য চার খণ্ডে আবিদ আজাদ-রচনাবলির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন,‘ দুই যুগ পূর্তিতে দাঁড়িয়ে এটা বলতে পারি, ঐতিহ্য যেমন প্রকাশনা ব্যবসা করে তেমনি নিজ সামর্থ্য অনুযায়ী বাংলা সাহিত্যের সেবা করার চেষ্টাও করে যাচ্ছে। এজন্য আমরা আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, আবুল হাসান, মুস্তফা আনোয়ার, আবিদ আজাদের মতো কবিদের পূর্ণাঙ্গ রচনাবলি প্রকাশের পাশাপাশি নাসিমা সুলতানা, সাবদার সিদ্দিকের মতো ভুলে যেতে বসা কবিদের বইপত্র নতুন করে পাঠকের সামনে হাজির করার চেষ্টা করছি।’

ঐতিহ্য আবিদ আজাদ রচনাবলির পাশাপাশি তাঁর প্রথম কবিতাবই ‘ঘাসের ঘটনা’ এবং কবিতা বিষয়ক স্মৃতিগদ্যগ্রন্থ ‘কবিতার স্বপ্ন’ও নতুনভাবে প্রকাশ করেছে যা তরুণ পাঠকের মনে সাড়া জাগিয়েছে।

কবি আবিদ আজাদের পুত্র তাইমুর রশীদ বলেন, ‘আজ বাবার জন্মদিনে তাঁর রচনাবলির প্রকাশনা উৎসব হচ্ছে -এটা আমাদের জন্য অনেক আনন্দের। আবিদ আজাদ শুধু তাঁর পরিবারের নন, বাংলা সাহিত্যের সম্পদ। তাঁকে স্মরণ করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ঐতিহ্য’র কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত আবিদ আজাদ গবেষক ড. লোপামুদ্রা রহমান, কবি ও সাংবাদিক জুননু রাইন এবং কবি ফারুক সুমন। আবিদ আজাদের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মাহমুদুল হাকিম তানভীর।

আরও পড়ুন