পিয়াস মজিদের কবিতাগুচ্ছ

অকূল
শীত আসে নাই
তোমার শরীর
অপ্রসূত কুয়াশার গন্ধে ভরে আছে,
ভাঙা গান জোড়া দিতে দিতে
যে বুক ভেঙে-টেঙে গেছে
তার নিঃসঙ্গ মজলিশে
তুমি চলে যাওয়ার আগে অন্তত
পাতলা এটা কম্বল টেনে দিয়ে যেও;
যেন শীতের জন্মের আগেই
আমাদের বুনে তোলা সুর
অসময়ের ঠাণ্ডায় মরে না যায়
সূত্রসার
আমাকে কোথায় আমি
একঝলক দেখেছিলাম যেন
তারপর হারিয়ে ফেললাম
বাইরে ভাব দেখাই
তল্লাশি চালিয়ে যাওয়ার
ভেতরে বাসনা জাগে
হারিয়েই থাকার
নিজের কাছে নিজে
লাপাত্তা পিয়াস
হঠাৎ মনে পড়ে
আমি ঠিক আমি না
আমি তো ছিলাম
দশটা দীর্ঘজীবী গাছ
কিছু আত্মঘাতী নদী
আর আমার একগুচ্ছ
অকালপ্রয়াণের গন্ধ
কিছু একটা হোক
জাগবার জন্য একটা সকাল পড়ে আছে
কিন্তু ঘুম আমাকে কিছুতে ছাড়ছে না
ঘুমে বুঁদ হয়ে থাকলে অন্তত
ভুলে থাকা যায় ফিলিস্তিনের বাচ্চাকাচ্চাদের কথা
যাদের অকালমৃত-বিকলাঙ্গ নিদ্রা
হয়তো লটকায়ে আছে
পাতাহারা-বারুদগন্ধী জলপাই গাছের গায়ে গায়ে
খোদা করুন, দুনিয়ার সব উদাসীন জাগরণ
অচিরে সেখানে মরুক
নক্ষত্র অধ্যুষিত
মনে তোমাকে
স্থগিত রেখে
বনে ঢুকেছি
টের পাচ্ছি
সমুদ্রের চুলে
কেউ সিঁথি করে দিচ্ছে
যদিও জলপরির চিরুণি
আমি চুরি করে
তোমার মুলতবি স্মৃতির
আগুনে আঁকা
আকাশে জ্বলছি
ভাড়া
ভাড়া বাসার সবকিছু
হয়ে যাচ্ছে বাঁধাছাঁদা
এতদিন মিটিয়ে গেছি
বহু বহু ভাড়া,
চলে যাওয়ার সময়
চিন্তা হচ্ছে খুব;
কীভাবে মিটাব আমি
এত এত স্মৃতির ভাড়া?
আমাদের কাছে লিখুন
বইয়ের আলোচনা, কবিতা, গল্প, ফিচার, লাইব্রেরি, সাহিত্য সমালোচনাসহ নানা বিষয়ক। লেখা পাঠাবেন: boicharita@gmail.com
