বহুমুখিতায় অনন্য এক স্বপ্নচারি মানুষের প্রতিকৃতি

সাড়ে ছয় দশকেরও বেশি সময় ধরে এদেশে নানান সাংগঠনিক, সামাজিক, যূৎবদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে আছেন এবং বলা যেতে পারে মেতে আছেন তিনি। জনপ্রিয় ও খ্যাতিমান অধ্যাপক, ষাটের নতুন ধারার সাহিত্য আন্দোলনের কান্ডারি, রুচিবান ও নন্দিত বিনোদন ব্যক্তিত্ব, পরিবেশ আন্দোলনের অন্যতম সেনাপতি, দেশজুড়ে বইপড়া কর্মসূচির প্রণেতা এবং আনন্দপ্রাণ সাংস্কৃতিক কর্মযজ্ঞের অনন্য ও রুচিস্নিগ্ধ অঙ্গন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ।
তিনি আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁর জীবন ও কর্মের বিচিত্র, নানামুখী, চমকপ্রদ স্মৃতিচারণ ও মূল্যায়ন নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে আবদুল্লাহ আবু সায়ীদ : বহুমুখিতায় ও স্বপ্নচারিতায়।
জীবনব্যাপী বহুমুখি কাজে স্বপ্নমাতাল অধ্যাপক সায়ীদের পরিচিত-পরিমণ্ডলের ব্যাপ্তিটা স্বভাবতই বেশ বিচিত্র ও বিস্তৃত। সংকলন-গ্রন্থটিতে তাঁকে নিয়ে যাঁরা লিখেছেন সে তালিকায় আছেন দেশের সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ, জনপ্রিয় লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, গায়ক, জাদুশিল্পী, দার্শনিক, অর্থনীতিবিদ, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্য-গবেষক ও বর্ষীয়ান কবি এবং প্রবীণ আমলা থেকে নবীন চিকিৎসক। এঁরা কেউ সায়ীদের সরাসরি শিক্ষক, কেউ বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, সতীর্থ, গুণগ্রাহী ও তাঁর স্বপ্নপথের সহযাত্রী এবং অবশ্যই তাঁর ছাত্ররাও আছেন লেখক তালিকায়। পূর্বপ্রকাশিত এবং সদ্যরচিত মোট ৪৮টি লেখা সংকলিত হয়েছে গ্রন্থটিতে।
মরণোত্তর স্তুতি ও স্মৃতিচারণ আমাদের সমাজে চলে ঢের। স্মারকগ্রন্থে ইনিয়ে-বিনিয়ে মৃত ব্যক্তির মাত্রাছাড়া গুণগান আমরা করতে পারি দারুণ পটুতায়। কিন্তু কর্মে গতিময় জীবিত ব্যক্তির অবদান স্মরণ কিংবা স্বীকৃতি না হোক নিদেনপক্ষে নিরপেক্ষ মূল্যায়নের প্রশ্নে আমরা ততটাই কৃপণ আর রহস্যময়ভাবে নীরব। ফলে ক্ষতিটা হয় সামগ্রিক। উদ্দিষ্ট ব্যক্তি তাতে আরো যতটা শক্তি, আত্মবিশ্বাস, উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে পারতেন এবং সেইসাথে সমাজের আর দশজন উৎসাহী ও সততা-প্রাণিত মানুষ এসে কাঁধ মিলিয়ে বহুদূর ঠেলে নিয়ে যেতে পারত সে কর্মকাণ্ডকে, সেটি আর হয়ে ওঠে না।
এসব বিবেচনায় আলোচ্য সংকলনটি একটি বিরল প্রকাশনা হিসেবে মূল্যায়িত হতে পারে নিঃসন্দেহে। বর্তমান সময়ে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও বলয়ের প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা তাঁদের নির্মোহ অভিজ্ঞতাটুকু তুলে ধরেছেন করেছেন সায়ীদের বহুমাত্রিক কাজ ও স্বপ্নময়তা নিয়ে। সাদামাটা কিন্তু গুরুত্ববহ। আর সায়ীদ যেমন মানুষ তাতে ব্যক্তিগত প্রিয়তা ও অনুরাগের কথা এসেছে স্বাভাবিকভাবেই। গভীর ভালোবাসা ও মমতাপূর্ণ শ্রদ্ধার অধিকারে মৃদু সমালোচনাও করেছেন কেউ। সবমিলিয়ে আমরা আবিষ্কার করি একজন পূর্ণাঙ্গ আবদুল্লাহ আবু সায়ীদকে। সম্পাদক আতাউর রহমান যথার্থই তা কবুল করেছেন তাঁর ছোট্ট আঁটসাট সম্পাদকীয়তে— ‘… উৎসাহী পাঠক হয়ত এর মধ্য দিয়েই খুঁজে পেতে পারেন বহুমুখিতা ও স্বপ্নচারিতায় অনন্য একজন পূর্ণাঙ্গ আবদুল্লাহ আবু সায়ীদকে’।
এছাড়াও গ্রন্থের শেষাংশে প্রণীত আবদুল্লাহ আবু সায়ীদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি সংকলনটিকে পূর্ণতা দিয়েছে। এমন একটি প্রকাশনার জন্যে এর প্রকাশক, সম্পাদক এবং অবশ্যই লেখকবৃন্দ বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন পাওয়ার দাবী রাখেন।
লেখক: আহমেদ ফয়েজ
আবদুল্লাহ আবু সায়ীদ : বহমুখিতায় ও স্বপ্নচারিতায়
সম্পাদনা : আতাউর রহমান
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশক : নালন্দা, ফেব্রুয়ারি ২০২১
পৃষ্ঠা : ৩৩৩, মূল্য : ৫৫০ টাকা
