ডানা মির্জার ‘দ্যাট ফিফটিন মিনিটস’

লিখতে জানলে এক লাইনেও একটা উপন্যাস লিখে ফেলা যায়। মাত্র ৭৯ পৃষ্ঠার একটা বইয়ে ১৫টা অণুগল্প বা ছোটগল্প।
বইয়ের নাম ‘দ্যাট ফিফটিন মিনিটস’ প্রথমে খুব সাধারণভাবে নিলেও অসাধারণভাবে উপলব্ধি করেছি বইটা। ছোট ছোট গল্পগুলোর মধ্যে এমন কিছু গল্প আছে যেগুলো গভীরভাবে ভাবায়।
বইয়ের শুরুতে বইয়ের উৎসর্গ পড়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছি। তারপর বইয়ের প্রসঙ্গকথা আবারও আমাকে আকর্ষণ করেছে।‘গ্যাজেটের ভেতরে জমে থাকে হাজারো গল্প। তবে সেই গল্পে কি রঙিন মলাট আর কাগজের পাতার গন্ধ পাওয়া যায়? বই কিনুন, বই পড়ুন। বই হলো আত্মার খোরাক।’
একজন পাঠকের বইয়ের ১৫টি গল্পের মধ্যে সবগুলো ভালো লাগবে না এটাই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কয়েকটি গল্প আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে। আবার কিছু গল্প একদমই খাপছাড়া মনে হয়েছে। তবে, আমার কাছে সংখ্যা বিবেচনা করলে আকর্ষনীয় গল্পের সংখ্যাই বেশি।
বইয়ে তিন নাম্বার গল্পের কাব্যিক কথাগুলো, সংলাপগুলো এত দারুণ, অনুভূতিগুলোর ব্যাখ্যা এতটা চমৎকার ছিল যে লাইনগুলো বারবার পড়েছি। শব্দচয়ন এক কথায় অসাধারণ। তারপর চার নাম্বার গল্পে দারুণ একটা শিক্ষনিয় বিষয় তুলে ধরেছেন লেখিকা। গল্পটি পড়ে এমন একটি বিষয় আমি উপলব্ধি করেছি যেটা আমি সারা জীবন মনে রাখতে চাই।
পাঁচ নাম্বার গল্পটি অতিপ্রাকৃত বিষয় নিয়ে লিখলেও গল্পটি লেখিকা শেষ করেননি। গল্পটি সম্পূর্ণ বা সম্পন্ন করলে আরও ভালো লাগত। তারপর নয় নাম্বার গল্প ‘স্যাটানিজম’ গল্পটি আগ্রহভরে পড়তে পড়তে শেষে গিয়ে তব্দা খেয়ে গিয়েছিলাম। দারুণভাবে টুইস্ট সৃষ্টি করেছেন লেখিকা।
এবার আসি বারো নাম্বার গল্পটি নিয়ে আমি ঠিক স্বীদ্ধান্ত নিতে পারছি না। কেমন একটা ঘোরের মধ্যে আছি। আমার মনে হচ্ছে গল্পটার প্লট যতটা সুন্দরভাবে শুরু হয়েছিল ততটা সুন্দরভাবে শেষ হয়নি। কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝে উঠতে পারছি না। তবে একটু সময় নিয়ে লিখলে এটাই হয়তো বইয়ে সবচেয়ে আকর্ষণীয় গল্প হতে পারত। বইয়ের শেষ গল্পটির নাম ‘দ্যাট ফিফটিন মিনিটস।’ এই গল্পটির নামের সঙ্গেই বইয়ের নাম জুড়ে আছে। এই কারণে গল্পটি নিয়ে শুরু থেকেই উৎসুক ছিলাম।
আলাদা আলাদা স্বাদের ১৫টি ছোটগল্প নিয়ে ডানা মির্জার লেখা ছোট এই বইটি গতানুগতিক ভাবে বলতে গেলে আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লেগেছে। পুরো একটা বই বা একটা উপন্যাসের হাজার হাজার লাইন থাকে লাখ লাখ শব্দ থাকে কিন্তু আমরা সবগুলো লাইন বা শব্দ মনে রাখি না মনে রাখি কেবল কয়েকটা লাইন বা কয়েকটা শব্দ যেই শব্দগুলো আমাদের অনুভুতি ছুয়ে যায় শিখিয়ে যায় নতুন কিছু নতুনভাবে উপলব্ধি করায় নিজেকে। ঠিক তেমনি এই বইটির সবকটি গল্প আমার ভালো না লাগলেও কয়েকটা গল্প আমার মনে দাগ কেটে দিয়েছে। যারা ছোটগল্প / অণুগল্প পড়তে ভালোবাসেন তারা চাইলে বইটি পড়তে পারেন।
দ্যাট ফিফটিন মিনিটস
ডানা মির্জা
প্রকাশনী: স্বপ্ন ৭১ প্রকাশন
মুদ্রিত মূল্য: ২০০
পৃষ্ঠা: ৮০
