কায়সার আলম এর কবিতাগুচ্ছ

তোমার জন্য অপেক্ষা
এই অপেক্ষা দারুন!
আকাশের হদয় ছিঁড়ে মাটির মানুষে তার নেমে আসা
আর তাকে দেখার জন্য এই আলু-থালু বসে থাকা মধুর|
তোমার জন্য রোদের শরীর থেকে চুরি করা একেকটি বিকেল
আকাশ দেখা মেঘ দেখা,
অনেক মধুর! অনেক সুন্দর!
প্রেমিকের অনন্ত খেতাব
আমাকে ঘ্রাণ দাও| ঘ্রাণের ভেতর আস্বাদ দাও|
আমাকে দাও বিবর্ণ পাথরের শক্ত প্রাণ|
নদীর কাছে গেলে আমাকে দাও বিশুদ্ধ বিশ্বাস
ফসলের খেতে গেলে আমাকে দাও বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা|
আমাকে দাও প্রেমিকের অনন্ত খেতাব|
জানালা বন্ধ করে
আমি বড় বড় কিছু দুঃখের হাত ধরে হাঁটছি
এবং জানালা বন্ধ করে রাখছি পর্যবেক্ষণ শেষে|
অফুরন্ত সময় আমাকে গিলে খাচ্ছে|
ক্ষমার অযোগ্য ভালোবাসা দুঃখের সাথে আমার|
আমি কেন বলতে পারি না!
আমার চোখের পাতা কেন আমার বাধ্য হয় না!
এমন গানের মতো দিনগুলো আসছে
আর আমি সহ্য করে যাচ্ছি খুনি মুহূর্তগুলোকে|
কতটা ভালো থাকলে ভালো আছি বলা যায়? জানি না—
একজীবন অন্ধকারে
এক জীবন পাখির পিছে, জলের মতো নদীর বুকে;
পাতার মতো ঝরে যাওয়া, আকাশ কালো মেঘ|
এক জীবন দূরের মানুষ, কুসুম হয়ে নাড়ির ভেতর;
ব্রিজের উপর যেমন করে উতল হাওয়া বসন্তচাঁদ|
এক জীবন একলা থাকা, বুকের ভেতর ছবি আঁকা;
এক জীবন অন্ধকারে, তুমুল তুফান ঝর তোলা|
হৃদয়ে জলের স্বচ্ছতা
একটি প্রদেশে একটি হৃদ আছে|
সেই হৃদের হৃদয়ে জলের স্বচ্ছতা ভেদ করে তাকে দেখি—
তার চিরনি বিহীন চুল, ফাটা ফাটা ঠোঁট, কপালের ভাঁজ|
আমি তাকে শব্দবন্দি করি—
আর গদ্যগড়ন দেহে ছুঁয়ে দেই তুলতুলে রোদ|
আমি তার মন জয় করে হয়ে উঠি টলস্টয়|
