আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ১০ম এপিজে বাংলা সাহিত্য উৎসব

১০ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের পোস্টার। ছবি: সংগৃহীত
ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুকস্টোরের আয়োজনে এপিজে বাংলা সাহিত্য উৎসব আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আয়োজনের ১০ বছর পূতিতে থাকছে নানা কর্মযোগ। তিন দিন ব্যাপী বৃহত্তম এই বাংলা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৬ ও ১৭ নভেম্বর। থাকবে ১৪টি অধিবেশেন। আলোচনা করবেন সাহিত্য ও সংস্কৃতি জগতের বরেণ্য ব্যক্তিত্বরা।
উৎসবের গৌরবময় ১০ম বার্ষিকী উদযাপন সর্ম্পকে উৎসব পরিচালক ও অক্সফোর্ড বুকস্টোরসের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাগত সেনগুপ্ত বলেন, ‘এপিজে বাংলা সাহিত্য উৎসবে সাহিত্যিক উৎকর্ষের স্বর্ণোজ্জ্বল এক দশক উদযাপন করতে পেরে আমরা গর্বিত। এবারের ১০ম বার্ষিকীর উৎসবে থাকছে বাছাই করা মোট ১৪টি অধিবেশন যেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হবে। যেমন থাকছে শিশু সাহিত্য থেকে রাজনীতি, সিনেমা, কবিতা, খেলাধুলো ও বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্বদের শতবার্ষিকী উদযাপন। আমাদের দর্শক-শ্রোতাদের যে অবিরাম সমর্থন আমরা পেয়েছি গত নয় বছর ধরে সেজন্য তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নতি করা ও এই ভাষাকে আরও শক্তিশালী করার জন্য আমাদের প্রয়াসে তাঁরা সহযোগিতা করেছেন। উৎসবের জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী বাংলা সাহিত্য প্রেমীদের কথা মাথায় রেখে, ১৫, ১৬ ও ১৭ নভেম্বর সাহিত্য উৎসবের সমস্ত অধিবেশন ফেসবুক এবং ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে ।’

১০ম এপিজে বাংলা সাহিত্য উৎসবের অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত
এপিজে বাংলা সাহিত্য উৎসবের দশম বর্ষের এই তিন দিন ব্যাপী সাহিত্য উৎসবের অধিবেশে কথা বলবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অঞ্জন দত্ত, অনুপম রায়, শতাব্দি রায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র, অভীক মজুমদার, সুধাংশু দে, তপন বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, ডঃ স্বাতী গুহ, অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, শিলাদিত্য সেন, কিরণ দত্ত, দীপান্বিতা রায়, রূপক সাহা, সব্যসাচী সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, অণিমা ব্রহ্ম, সিজার বাগচী, হিন্দোল ভট্টাচার্য এবং শ্যামলী আচার্যসহ অন্যরা।
উল্লেখ্য, অক্সফোর্ড বুকস্টোরের উদ্যোগে ২০১৫ সালে যাত্রা শুরু করে ভারতে প্রথম বাংলা সাহিত্য উৎসব। এই উৎসব বাংলা ভাষা ও সাহিত্যকে দৃশ্যমান আলোচনার মধ্য দিয়ে উদযাপন করে। ১০ বছরের এই উৎসবে লেখক, কবি, পরিচালক, নাট্যকার, অভিনেতা, সাংবাদিক, আমলা, গবেষক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ, সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন। এই উৎসবে বাংলার নতুন প্রজন্মের লেখকদের পাশাপাশি বিশ্বসাহিত্যের বিভিন্ন কণ্ঠস্বরকেও তুলে ধরা হবে।
এপিজে বাংলা সাহিত্য উৎসবের ১০ বার্ষিকীতে জলযোগ সহযোগী হিসাবে থাকবে কে. সি. দাস, সপ্তপদী এবং চা বার। অন্যদিকে অধিবেশন সহযোগী হিসাবে থাকবে শব্দবাজি, সুরজিৎ ও বন্ধুরা, কবিতা ক্লাব, কাউন্টার কালচার ও দীপাঞ্জন ঘোষ এন্টারটেনমেন্ট।
