দুঃখবিলাসী নই

তুমি কী কখনো জানবে,
আমার মস্তিষ্কে আজও তোমার জন্য
চীনের সেই মহা দুর্ভিক্ষ চলছে।
তুমি অব্দি কী কখনো এই সংবাদ পৌঁছাবে যে,
তোমার রেখে যাওয়া ট্রমা আমার অনুভূতিকে আজও
পঙ্গপালের মতো আক্রমণ করছে!
কতকাল সেই আক্রমণেই
অনুভূতি নামক নতুন কোনো ফসলের জন্ম হয়নি এখানে;
তুমি কী তা জানবে কখনো?
আমি মোটেও দুঃখবিলাসী নই।
এই কবিতা মতোন কিছু একটা শুনে তুমি কিন্তু
আমাকে দুঃখবিলাসীর আখ্যান দিয়ো না।
চীনের দুক্ষ হোয়াংহো নদী হলেও
তুমি আমার সেই নদীটুকু কিন্তু হতে পারোনি।
সাজিয়া আফরিন সুলতানা (মিথিল): কবি, ঢাকা
