চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

বাংলাদেশের তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল আর নেই। আজ ৭.১৫ মিনিটে ল্যাবেড ক্যান্সার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত যাঁদের হাত ধরে আজ প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের মধ্যে এস এম কামাল অন্যতম। দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রথম সভাপতি এবং বেসিসের প্রতিষ্ঠাতা ও ২য় সভাপতি ছিলেন।
বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড আইবিএম বাংলাদেশ–এর কান্ট্রি ম্যানেজার ছিলেন এস এম কামাল। তার নেতৃত্বেই আশির দশকে বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস প্রতিষ্ঠিত হয়। এই সমিতির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তিনি। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রির শুরুটাই হয় বিসিএস প্রতিষ্ঠার মাধ্যমে। এস এম কামালের নেতৃত্ব ছাড়া আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গড়ে উঠতে পারত না।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম এ পথিকৃৎকে নিয়ে বই লিখেছিলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল’ শিরোনামের বইটিতে এস এম কামালের জানা-অজানা নানা তথ্য তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন।
